২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন কইজুমি, আটদফা এ্যাকশন প্ল্যান ঘোষণার সম্ভাবনা

জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কইজুমি বৃহস্পতিবার ভারত সফরে আসছেন। উভয় দেশই আশা করছে, তারা আঞ্চলিক, দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে বি¯তৃত পরিসরে আলাপ-আলোচনা করবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফরকালে বিশ্ববাণিজ্যের অংশীদার হিসেবে দুদেশই আটদফা এ্যাকশন প্ল্যান ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর কে নারায়ানান এবং জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কইজুমির উপদেষ্টা ইয়োরিকো কায়াওগুচির মধ্যে দুদেশের সামরিক কৌশল নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়াসোকোনি ইনোকি বলেন, “আমাদের বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ আলোচনার সুযোগ রয়েছে।”

ভারত সফরকালে জাপানের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আজাদের সাথে শুক্রবার সৌজন্য সাক্ষাতকারে মিলিত হবেন। তিনি প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সাথেও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করবেন। হায়দরাবাদ হাউজে দুনেতার বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ্যাকশন প্ল্যান ঘোষণা করা হতে পারে। জাপানের রাষ্ট্রদূত আরও বলেন, ভারতের পক্ষ থেকেই যৌথ বিবৃতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী একদল প্রতিনিধি ভারত সফরকালে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই), ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এবং এসাসিয়েটেড চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্টি অব ইন্ডিয়া (এএসএসসিএইচএএম)-এর নেতাদের সাথে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ -আলোচনা করবেন।

ভারত সফর শেষে জাপানের প্রধানমন্ত্রী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাবেন। সেখানে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এবং প্রধানমন্ত্রী শওকত আজিজের সাথে তিনি বৈঠক করবেন। ২০০০ সালে তাঁর পূর্বসূরি ইওশোরি মুরির দক্ষিণ এশিয়া সফরের পর জাপানের কোনও প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম দক্ষিণ এশিয়া সফর।

ভারত, জাপান, ব্রাজিল ও জার্মানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভে আগ্রহী। এজন্য তারা জাতিসংঘের সংস্কার নিয়েও আলাপ-আলোচনা করবেন বলে জানা গেছে।

নয়াদিল্লিতে জাপানের রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আরও জানায়, দুদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একটি জয়েন্ট স্টাডি গ্রুপ গঠন করা হবে। ভারত সফরকালে দুনেতা সন্ত্রাসবাদ, প্রাকৃতিক দুর্যোগ ও পারমাণবিক কর্মসূচি, সামুদ্রিক বাণিজ্য সংক্রান্ত নিরাপত্তা, উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড নিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে নিয়ে বৈঠক করবেন।