২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩

জাপানে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত ৭৩ জন মারা গেছে। তদন্তে এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। পেশাগত দায়িত্ব পালনে অবহেলার সম্ভাব্যতা যাচাই করে দেখছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

অপরদিকে মঙ্গলবার আরও একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় পতিত হলেও কেউ হতাহত হয়নি। তবে পরপর দু’দিন পশ্চিম ও পূর্ব রেলওয়ের দুটি ট্রেন দুর্ঘটনার ফলে জাপানের ট্রেন যোগাযোগ ব্যবস্থা যে বিশ্বে নিরাপদতম বলে বিবেচিত হতো তা কিছুটা প্রশ্নবিদ্ধ হলো!

তদন্তকারীরা দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় করতে না পারলেও ট্রেনের ৫৮০ জন যাত্রীর মধ্যে জীবিতরা এবং ট্রেনের কনডাক্টর মনে করেন, সময়ের সিডিউলে পিছিয়ে পড়ায় দুর্ঘটনা কবলিত ট্রেনটি অপেক্ষাকৃত দ্রুত গতিতে চলছিল। পূর্বের স্টেশনে ট্রেনটি ১৩০ ফুট সামনে গিয়ে থামলে ব্যাকগিয়ারে সেটিকে প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

মঙ্গলবার সকালে বিধ্বস্ত ট্রেনের ভেতর খেকে ৩ জনকে জীবিত অবস্থায় টেনে বের করা হয়। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের ভেতর আর কেউ আটকে আছে কিনা তা এখনও পরিস্কার নয় বলে পুলিশ জানায়। দুর্ঘটনাস্থলে বিশাল বিশাল ক্রেন এবং নির্মাণ যন্ত্রপাতি দিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।

হাসপাতালের মর্গে এখন নিহতদের প্রিয়জনরা আহাজারি করছে। জাপান রেলওয়ে পশ্চিম-এর চেয়ারম্যান সুজিরো নানিয়া অস্থায়ী মর্গ পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, “নিহত ব্যক্তি এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব সাহায্য সহযোগিতা আমরা দেব।”

যাত্রীবাহী ট্রেনটি সোমবার ভোরে (গ্রিনিচ মান সময় ১২টা ২০) টোকিওর ৪০০ কিলোমিটার (৩১০মাইল) দূরে ওসাকার কাছে হিয়োগো এলাকায় লাইনচ্যুত হয় এবং একটি ভবনে ধাক্কা খায়। এর ফলে ৭৩ জনের মৃত্যু হয় এবং ৪৪০ জন আহত হয়। আহতদের মধ্যে ১৫১ জনের জখম মারাত্মক।

দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাত্রীরা জানায়, ট্রেনটি খুব দ্রুতগতিতে চলছিল বলে মনে হচ্ছিল। খুব ঝাঁকুনিও হচ্ছিল।

জাপানের চীফ কেবিনেট সেক্রেটারি হিরোয়ুকি হোসোদা বলেন, দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।

ভবনে ধাক্কা লেগে সাত বগি সম্পন্ন ট্রেনটির প্রথম বগি দু’টুকরো হয়ে যায়। বহু পথচারিও আহত হয়েছে বলে জানা গেছে।

গুরুতর আহত ট্রেন চালককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তার বয়স ২৩ বছর এবং এক বছরেরও কম সময় যাবত তিনি ট্রেন চালাচ্ছেন।

এদিকে মঙ্গলবার সকালে একটি ট্রাককে ধাক্কা দেওয়ার পর জাপান পূর্ব রেলওয়ের যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়। রেলের চালক জানান, সুপার হিতাচি-২৩ এক্সপ্রেস ট্রেনটি টোকিওর উত্তরপূর্বে ইবারাকিতে দুর্ঘটনা কবলিত হয় এবং প্রথম বগিটি ছিটকে পড়ে। তবে এত হতাহতের কোন ঘটনা ঘটেনি।