দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এশিয়ায় আগ্রাসন চালানোর জন্য আবারও ক্ষমা চাইল জাপান
জাপানী প্রধানমন্ত্রী জুনিচিরো কইজুমি আফ্রো-এশীয় সম্মেলনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এশিয়া অঞ্চলে তার দেশের বিতর্কিত ভূমিকার জন্য আবারও ক্ষমা চেয়েছেন। কিন্ত চীনা কর্মকর্তারা এ মন্তব্যকে অগ্রাহ্য করে বলেন, জাপানের কথা ও কাজের মধ্যে কোনও মিল নেই।
জাপানী প্রধানমন্ত্রী কইজুমি জার্কাতায় এশিয়া ও আফ্রিকা মহাদেশের নেতৃবৃন্দদের এক সভায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানী সেনাবাহিনীর কৃতকর্মের জন্য ‘গভীর অনুশোচনা’ ও ক্ষমা প্রার্থনা করেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “অতীতে ঔপনিবেশিক শাসন এবং আগ্রাসনের কারণে বহু দেশে বিশেষ করে এশিয়ার দেশগুলোতে জনগণের ক্ষতি ও কষ্টের কারণ হয়েছে জাপান।
তিনি বলেন, চল্লিশের দশকে জাপান তার পাশের এশীয় দেশগুলোর জন্য যে দুর্ভোগ সৃষ্টি করেছিল তার জন্য তারা অনুতপ্ত। দমন নির্যাতনের ইতিহাসের এই ন্যাক্কারজনক ঘটনাগুলো বারবার উপলদ্ধি করার কথা উল্লেখ করে কইজুমি বলেন, সেজন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান কখনোই সামরিক শক্তি হতে চায়নি, অর্থনৈতিক শক্তি হয়েছে।
এদিকে দক্ষিণ কোরিয়াতে চীনের রাষ্ট্রদূত লি বিন প্রতিক্রিয়ায় বলেন, জাপানের প্রধানমন্ত্রীর কথাগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্ত কাজের মাধ্যমে তা প্রমাণ করতে পারলে ভালো হতো।
জাপান এমন এক সময় ক্ষমা চাওয়ার বিষয়টি পুনরাবৃত্তি করল যখন জাপানের স্কুলের পাঠ্যবইয়ে তাদের নৃশংসতার ইতিহাস আড়াল করার অভিযোগে বেইজিংয়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ এবং চীনের বিভিন্ন শহরে জাপানী কনসুলার অফিস ও ব্যবসায়ী প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। এশিয়ার শক্তিধর দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক প্রবল টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে।
পর্যবেক্ষকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে জাপান যে স্বৈরশাসকের ভূমিকা নিয়েছিল এবং চীনের সাথে এ নিয়ে যে বিবাদ রয়েছে তা মিটিয়ে ফেলতে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন লাভ করতে চীনের সর্মথন লাভের জন্যই আর্ন্তজাতিক নেতৃবৃন্দের সমাবেশে জাপান আবারও ক্ষমা চেয়েছে।
