পোপ নির্বাচন শুরু, ‘তথ্য পাচার’ বন্ধে কঠোর ব্যবস্থা
রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু হলেন পোপ । পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পর এখন নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া চলছে। নির্বাচনের আগে রোমের ভ্যাটিকান হোটেলে রোববার কার্ডিনালদের চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন পোপ বিশ্বের ১ দশমিক ১ বিলিয়ন খ্রিস্টান ধর্মাবলম্বীর আধ্যাত্মিক নেতা হবেন। সোমবার ১১৫ জন কার্ডিনাল সিস্টিন চাপেলে বসে ২৬৫ তম পোপ নির্বাচন করবেন।
নির্বাচনের আগে বৈঠক সম্পর্কে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। বৈঠকে তিনটি এলাকা ইউরোপ, আফ্রিকা ও ল্যাতিন আমেরিকা প্রাধান্য পাচ্ছে। ১৯৭৮ সালে তিনদিন বৈঠক হবার পর গোপন ভোটের মাধ্যমে পোপ ২য় জন পলকে নির্বাচিত করা হয়েছিলো। বৈঠকে ১১৫ জন কার্ডিনাল দুটি ব্যালট সেশনে প্রত্যেকে দুটি করে ভোট দেবেন।
ফ্লোরেন্স-এর কার্ডিনাল ইনিও এ্যানতোনেলী বলেন, “নতুন পোপ কে হবেন ঈশ্বর তা আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। এখন আমরা শুধু আমাদের মতামত প্রকাশ করব।”
এদিকে কার্ডিনালদের পোপ নির্বাচন সংক্রান্ত ‘কনক্লাভ’ বৈঠকের ব্যাপারে কড়া গোপনীয়তা অবলম্বন করা হয়েছে। ওই বৈঠকের সংবাদ মোবাইল ফোন কিংবা গোপনে আঁড়ি পেতে সংগ্রহ করা নিষিদ্ধ করা হয়েছে। কার্ডিনালদের বৈঠকের সংবাদের ব্যাপারেও মিডিয়ার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর ওই বৈঠকের সংবাদ যাতে গুপ্তচরবৃত্তির মাধ্যমে সংগ্রহ করা না যায় সেজন্য ভ্যাটিকানের আকাশ পথ ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
কার্ডিনালরা যেখানে জমায়েত হয়েছেন সেখানে স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে জুম করে ছবি তোলা এবং লেজার রশ্মি ব্যবহার করে জানালার ফাঁকফোকর দিয়েও আলাপচারিতা ধারণ সম্ভব। রোমের সেন্ট্রার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের আন্দ্রে মারগিল্লিটি বলেন, “নিশ্চয়ই বিশ্বের অনেক দেশের গোয়েন্দা সংস্থা ওই পবিত্র বৈঠকের সংবাদ সংগ্রহের চেষ্টা করছে। এজন্য তারা স্পেশাল বিমান বিশেষ করে স্পাই বিমানে লেজার রশ্মি ব্যবহার করতে পারে।”
রোমের একটি বেসরকারি গোয়েন্দা সংস্থার মিরিয়াম টমপনজী বলেন, “কার্ডিনালদের নির্বাচন প্রক্রিয়ায় যাতে কোনও ব্যাঘাত ঘটতে না পারে সেজন্য কনক্লাভ বৈঠকে সেল ফোন, রেকর্ডার, রেডিও, টেলিভিশন এমনকি বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।”
