২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে জোর করে বিয়ে দেওয়া নিষিদ্ধ

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ সেদেশে নারীদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ বলেন, জোর করে বিয়ে দেওয়া ইসলামি আইনের বিরোধী এবং যারা একাজ করবে তাদেরকে জেল-জরিমানা করা হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 03:30 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

জোর করে বিয়ে দেওয়ার রেকর্ড সৌদি আরবে সর্বোচ্চ। আর এর ফলে সেদেশে তালাকপ্রাপ্ত নারীর সংখ্যা বাড়ছে। নারীরা যেখানে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন সেখানে এই আইন তাদের জন্য এক ঐতিহাসিক ঘটনা।

সিনিয়র উলামা কাউন্সিল (স্কলারস) প্রধান শেখ আব্দুল আজিজ বলেন, ‘জোর করে কোনও নারীকে কারও সাথে বিয়ে দেওয়া কিংবা সে যাকে বিয়ে করতে চায় সেখানে বাধা দেওয়া ইসলামি আইনে গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, যে পিতা জোর করে তার মেয়েকে বিয়ে দেবে তার অবশ্যই জেল হবে এবং মতামত পরিবর্তন না করা পর্যন্ত সে জেল থেকে মুক্তি পাবে না।

সৌদি সংবাদমাধ্যমগুলো জানায়, জোরপূর্বক বিয়ে দেওয়ার পর অর্ধেক নারীরই বিবাহ বিচ্ছেদ ঘটে থাকে। 

ইমলামি শরীয়া আইনের রক্ষণশীল নীতির কারণে সৌদি আরবে নারীরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। তাদেরকে বোরকা পড়তে বাধ্য করা হয় এবং একা কিংবা আত্মীয় নয় এমন পুরুষের সাথে তাদের চলাচল নিষিদ্ধ। সৌদি আরবে নারীদের সরকারি চাকরিতে যোগদান এবং ভোট প্রদান আগামী জুন পর্যন্ত নিষিদ্ধ রাখা হয়েছে।