সেনাবাহিনীকে রাজনীতিমুক্ত রাখুন: নতুন ইরাকি সরকারের প্রতি রামসফেল্ড
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড ইরাকে এক ঝটিকা সফরকালে ইরাকি সেনাবাহিনীকে রাজনীতিমুক্ত রাখার জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তার এবারের সফরসূচিতে প্রথমবারের মত কুর্দি অধ্যুষিত অঞ্চল পরিদর্শনের বিষয়টিও অন্তর্ভূক্ত ছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তিনি বলেন, “ইরাকের নিরাপত্তা বাহিনীতে যাতে অহেতুক কোন গোলযোগ সৃষ্টি না হয় এবং নিরাপত্তা বাহিনীতে যে সফলতা অর্জিত হয়েছে তা যেন নষ্ট হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।”
বুশ প্রশাসনের কিছু কর্মকর্তা আশংকা প্রকাশ করছেন যে, নতুন অর্ন্তবর্তীকালীন সরকার হয়তো গত জুন থেকে ইরাকে সার্বভৌমত্ব পুনরুদ্ধারে মার্কিন বাহিনীকে সহায়তা করে আসা রাজনৈতিক পক্ষগুলোকে প্রতিদ্বন্ধী ভেবে জোর করে বিতাড়িত করে দিতে পারে।
রামসফেল্ড বলেন ওয়াশিংটন আশা প্রকাশ করেছে যে বর্তমান সরকারে যোগ্য ব্যক্তিরা রয়েছেন। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইরাকের নিজস্ব নিরাপত্তা বাহিনী সহিংস আক্রমন ঠেকাতে যোগ্য ও সার্মথ্যবান হয়ে গড়ে উঠা না পর্যন্ত ইরাকে মার্কিন বাহিনী কৌশলগত কারণে মোতায়েন থাকবে।
অপরদিকে প্রেসিডেন্ট জর্জ বুশ টেক্সাসের ফোর্ট হুড সেনানিবাস পরিদর্শনে গিয়ে বলেন, “ ইরাকি নিরাপত্তা বাহিনী এবং সরকার একটি নতুন যুগে প্রবেশ করছে। সেজন্য তারা যথেষ্ট দক্ষ ও আত্মবিশ্বাসী হিসেবে নিজেদের গড়ে তুলবে।”
তিনি আরও বলেন, “আমেরিকা ও তার মিত্রবাহিনী ইরাকে সাহায্য সহযোগিতা আরো বাড়িযে দেবে।”
বুশ বলেন,“ ইরাকের লোকজন এখন স্বাধীন। ইরাক এখন নিজের দেশের লোকজনের দ্বারা পরিচালিত এবং বিদ্রোহীদের প্রতিহত করতে সক্ষম। বাগদাদ সফরকালে রামসফেল্ড ৩য় পদাতিক বাহিনীর সাথে বৈঠক করেন। তিনি শতাধিক সেনাসদস্যের মধ্যে ব্রোঞ্জ স্টার মেডেল এবং পার্পল হার্ট এওয়ার্ড বিতরণ করেন। বাগদাদে রামসফেল্ড প্রায় ১২ ঘণ্টা সময় অতিবাহিত করেন।
