জেরুজালেমে উগ্র ইহুদি সমাবেশ ঠেকাতে হাজার হাজার পুলিশ
জেরুজালেমে উগ্র ইহুদিরা এক প্রতিবাদ সমাবেশে মিলিত হতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে।
মুসলমানদের পবিত্র স্থান হারাম আল-শরিফকে ঘিরে আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল ইসরাইলী পুলিশ। হাজার হাজার কট্টর জাতীয়তাবাদী বিক্ষোভ সমাবেশে অংশ নেবে বলে ধারনা করা হলেও পুলিশ বেষ্টনীর সামনে উপস্থিত ছিল মাত্র কয়েক ডজন। পুলিশ ৩১ জনকে গ্রেফতার করে। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
জেরুজালেমের আল আকসা মসজিদ মুসলমান এবং ইহুদি-উভয় সম্প্রদায়ের কাছেই পবিত্র। সেখানে যাতে কোন সংঘাত সৃষ্টি না হয় এবং শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকে সে জন্য প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করেছিল ইসরাইল।
ফিলিস্তিনের সাথে শান্তি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকা থেকে ইহুদি বসতি সরিয়ে আনার যে পরিকল্পনা করছে ইসরাইলী সরকার, উগ্র জাতীয়তাবাদী ইহুদিরা তার তীব্র বিরোধিতা করে আসছে। এর প্রতিবাদ স্বরূপ রোববার তারা বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। বিােভকারীরা তেল আবিবের সন্নিকটে হাইওয়েতে গাড়ীর টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের বাধার মুখে রাস্তায় বসে প্রতিবাদ জানায়।
উগ্র ইহুদি জাতীয়তাবাদীদের সমাবেশ থেকে পুলিশ ৩১ জনকে আটক করেছে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সাথে আলোচনার জন্য টেক্সাস সফররত ইসরাইলী প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের অপসারনের দাবী জানিয়েই এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। গাজা এবং পশ্চিম তীরের চারটি এলাকা থেকে ইহুদি বসবাসকারী এবং ইসরাইলী সেনাবাহিনীকে সরিয়ে আনতে শ্যারনের পরিকল্পনার তারা ঘোর বিরোধী। তাদের ইচ্ছা ইসরাইল গাজা সীমান্তে নিয়ন্ত্রণ বজায় রাখুক এবং আরো বসতি স্থাপন করুক।
