সুমাত্রায় নতুন করে ভূমিকম্প
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূতত্ত্ববিদদের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো এ খবর জানিয়েছে।
রিখটার স্কেলে ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল পেডাং নগরীর একশ’ ২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলে।
এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু লোক উপকূলীয় এলাকা থেকে অন্যত্র সরে গেছে।
গত বছর ২৬ ডিসেম্বরের সুনামির আঘাতে ১২টি দেশে তিনলাখ লোকের প্রাণহানির পর সর্বশেষ এই ভূমিকম্পটি মানুষের মনে ভীতি আরও বাড়িয়ে দিল।
সুনামিতে নিহত এক তৃতীয়াংশই ইন্দোনেশিয়ায় অধিবাসী।
যদিও রোববার কোনও সুনামি সংকেত দেয়া হয়নি।
স্থানীয় সময় বিকেল ৫ টা ২৯ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। সিঙ্গাপুরেও ভূমিকম্প অনূভূত হয়।
রেডিওতে ভূমিকম্পের ঘোষণা দেয়া হলে পেডাংয়ের বহু মানুষ ঘর থেকে বের হয়ে আসে।
পেডংয়ের বেশিরভাগ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন।
