২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে বোমা বিস্ফোরণে ২ জন নিহত, আহত ৪০

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায় একই সময়ে তিনটি বোমা বিস্ফোরণে দুই জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। হামলাকারীরা হাত-ইয়াই বিমানবন্দর ও একটি সুপার মার্কেট লক্ষ করে দুটি বোমা নিক্ষেপ করে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 01:39 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

হাত-ইয়াই নগরীতে দুটি এবং প্রায় ৪০ কিলোমিটার উত্তরে শংখলা শহরের একটি হোটেলের বাইরে অপর একটি বোমা বিস্ফোরিত হয়।

বিগত এক বছরে থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলে ৬ শ’রও বেশি লোক মারা যায়, যার বেশিরভাগই মুসলিম। থাইল্যান্ড সরকার এ হামলার জন্য   মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে।

রোববারের বিস্ফোরণে নিহত দুই জনই হাত-ইয়াই বিমানবন্দরের চেক-ইন-কাউন্টারের কাছে অবস্থান করছিল।

হাত-ইয়াইয়ে ফ্রান্সের একটি কোম্পানির মালিকানাধীন সুপার মার্কেটে ওই একই সময়ে অপর বোমাটি বিস্ফোরিত হয়।

বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।

শংখলা শহরে তৃতীয় বোমাটি বিস্ফোরিত হয়। একটি মোটরবাইকে বোমাটি ছিল বলে ধারণা করা হচ্ছে। এ বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বোমা বিস্ফোরণের ঘটনায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। এখানে সৈন্য, পুলিশ, শিক্ষক এবং স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সহিংসতা অব্যাহত রয়েছে।

এদিকে, দক্ষিণের মুসলিম অধ্যুষিত এ অঞ্চলে থাই সরকারের ক্রমাগত দমন নীতির তীব্র সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও মুসলিম দেশগুলো।

এদিকে, রোববারের বিস্ফোরণের আগে বুধবার থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়াত্রা উত্তেজনাপূর্ণ এলাকাটিতে শান্তি ফিরিয়ে আনতে আলোচনা অব্যহত রাখার আভাস দিয়েছিলেন।