সন্ত্রাস দমনে পাক-মার্কিন-আফগান সামরিক সহযোগিতা
পাকিস্তান-আফগান সীমান্তে সন্ত্রাস দমন অভিযানে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং আফগানিস্তান সম্মত হয়েছে। তিন দেশের সামরিক কর্মকর্তারা ইসলামাবাদে এক আলোচনায় সহযোগিতা বৃদ্ধি ও তথ্য আদান প্রদানে আর কার্যকর ভূমিকা পালনে একমত হন এবং একটি যৌথ বিবৃতি দেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সামরিক কর্মকর্তাদের যৌথ আলোচনায় ত্রিদেশীয় মাদক বিরোধী ওর্য়াকিং গ্র“প গঠন করার সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। বিশ্বে উৎপাদিত আফিমের শতকরা ৯০ ভাগই আফগানিস্তানে উৎপাদিত হয়। মাদক দ্রব্য পাচারে পাকিস্তানকে ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করা হয় এবং চোরাইপথে ইউরোপীয় দেশে চালান দেয়া হয়।
পাকিস্তান মিলিটারি অপারেশন-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডেভিড ডব্লিউ বার্নো এবং আফগান ন্যাশনাল আর্মির প্রধান লেফটেন্যান্ট জেনারেল শের মোহাম্মদ কারিমি ত্রিদেশীয় কমিশন সভায় নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।
সীমান্ত ইস্যু নিয়ে আলোচনার জন্য এই কমিশনটি প্রায় ৩ বছর আগে গঠিত হয়েছিল। চলতি বছর জুনে এ কমিশনের পরবর্তী বৈঠক কাবুলে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ২৪০০ কিলোমিটার দীর্ঘ প্রায় অরক্ষিত সীমান্ত রয়েছে। আফগান কর্মকর্তারা বলেন বহিস্কৃত তালেবান জঙ্গীগোষ্ঠীর প্রধান কমান্ডাররা আফগানিস্তানে গেরিলা আক্রমন চালিয়ে খুব সহজেই সটকে পড়ে। সীমান্ত উন্মুক্ত থাকায় তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
