দাঙ্গার খবর সম্প্রচার করায় ইরানে আল-জাজিরা টেলিভিশন নিষিদ্ধ
সংখ্যালঘু আরবদের উস্কানি দিয়ে বিক্ষুদ্ধ করার অভিযোগে ইরান সরকার সেদেশে আল-জাজিরা টেলিভিশনের সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খোজিস্তান প্রদেশে গত কয়েকদিনে জাতিগত দাঙ্গায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ওই এলাকায় জাতিগত বিন্যাস পরিবর্তনে সরকার পরিকল্পনা নিচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়ে। কিন্তু সরকার এধরনের কোনও পরিকল্পনার কথা অস্বীকার করেছে।
আল-জাজিরা ইরান সরকারের এ ধরনের কর্মকাণ্ডকে ‘আশ্চর্যজনক ও অবিবেচক’ বলে আখ্যায়িত করেছে। আল-জাজিরা বলেছে, “সংবাদপত্রের স্বাধীনতা অনুযায়ী সবার মত প্রকাশের অধিকার রয়েছে এবং তাদের প্রচারিত খবরে ইরানের বর্তমান অবস্থা সুষ্ঠু ও সঠিকভাবে উল্লেখ করা হয়েছে।”
আল-জাজিরা টেলিভিশন ইরানে সংখ্যালঘু আরব সম্প্রদায়ের মধ্যে খুবই জনপ্রিয়। আল-জাজিরাই প্রথম ইরানে সংঘটিত দাঙ্গার সংবাদ পরিবেশন করেছিলো। আল-জাজিরায় দাঙ্গার সংবাদ পরিবেশনের পর ইরান সরকার ঘটনা তদন্তের নির্দেশ দেয়।
ইরানের সংস্কৃতি ও ধর্মমন্ত্রী মোহাম্মদ খোশভাগত রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, “আল-জাজিরা অপরাধ করেছে এটা যদি প্রমাণিত হয় তাহলে তাকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”
ইরানের সাংসদরা সংঘাত সৃষ্টি করে ইরানকে অস্থিতিশীল করে তোলার জন্য আল-জাজিরার কড়া সমালোচনা করেছেন।
ইরানের মোট জনসংখ্যার শতকরা তিনভাগ হলো সংখ্যালঘু আরব। তাদের অধিকাংশের বসবাস খোজিস্তান প্রদেশের আহওয়াজ শহরে।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, সেখানকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
