২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে

ভারতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দ্য গ্লোবাল ফান্ড টু ফাইট এইডসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একথা জানান। দ্য গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস’র নির্বাহী পরিচালক রিচার্ড ফিচিম সতর্ক করে দিয়ে বলেন, ভারতে এইচআইভি মহামারী আকারে ছড়িয়ে পড়ছে এবং দেশটি এইচআইভি/এইডস প্রতিরোধে তেমন কিছুই করছে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 11:15 AM

Updated : 26 Apr 2022, 05:34 PM

তিনি আরও বলেন, ভারতে এইচআইভি সংক্রমণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, আগামীতে দেশটি দক্ষিণ আফ্রিকার ভাগ্য বরণ করতে পারে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

রিচার্ড ফিচিম সতর্ক করে দিয়ে বলেন, ভারতে এইচআইভি এত দ্রুত গতিতে ছড়াচ্ছে যে দেশটির জাগ্রত হওয়া উচিত এবং বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে নেয়া দরকার।

তিনি বলেন, “সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারত এখন বিশ্বের দ্বিতীয় প্রধান এইচআইভি সংক্রমিত দেশ। আর এই তালিকায় প্রথম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।”

তিনি আরও বলেন, “সরকার প্রদত্ত পরিসংখ্যান সঠিক নয়, সঠিক পরিসংখ্যান পেলে দেখা যাবে ভারতই এখন প্রথম স্থানে রয়েছে।”

জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থা ইউএনএইডস-এর সাম্প্রতিক পরিসংখ্যানে বলা হয়েছে দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কিংবা এইডস রোগীর সংখ্যা সবচে বেশি। সেখানে ৫০ লাখ ৩০ হাজার প্রাপ্ত বয়স্ক লোক এইডস রোগে আক্রান্ত। এছাড়া আক্রান্ত শিশুর সংখ্যা সাড়ে চল্লিশ লাখ থেকে ৬০ লাখ ২০ হাজার।

ভারতে এইচআইভি কিংবা এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ১০ হাজার। কিন্তু এ পরিসংখ্যান যথার্থ নয়। সঠিক পরিসংখ্যান এবং সরকারি সহযোগিতার অভাবে এইচআইভি আক্রান্তদের প্রকৃত সংখ্যা নিরূপণ সম্ভব হচ্ছে না।

রিচার্ড ফিচিম বলেন, এইচআইভি মুসলমানদের চেয়ে হিন্দুদের মধ্যে বেশি ছড়াচ্ছে। কারণ হিসেবে তিনি বলেন, মুসলমানদের মধ্যে খতনা করার বিধান রয়েছে যা এইচআইভি সংক্রমণ প্রতিরোধে একটি কার্যকর ফ্যাক্টর।