২ ইন্দোনেশীয় মহিলাকে জোরপূর্বক গৃহপরিচারিকার কাজে বাধ্য করায় সৌদি যুবরাজের কথিত স্ত্রী গ্রেপ্তার
দু জন ইন্দোনেশীয় মহিলাকে জোরপূর্বক গৃহপরিচারিকার কাজে বাধ্য করা এবং চলে না যাওয়ার জন্য হুমকি প্রদানের দায়ে এক সৌদি যুবরাজের কথিত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
নাম প্রকাশ না করার স্বার্থে মামলার সাথে জড়িত ঘনিষ্ঠ এক সূত্র জানান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন তুর্কি আলসাউদ সৌদি আরবেরই নাগরিক হানা আল জাদেরকে বিয়ে করেন। তবে সৌদি রাজ পরিবারের সাথে এ দম্পতির সম্পর্কের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
২০০৩ সালের ফেব্র“য়ারি থেকে ২০০৪ সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে যুবরাজের কথিত স্ত্রী আল জাদের (৩৯) ম্যাসাচুসেটসের আরলিংটন ও উইনচেস্টারের বাড়িতে কাজ করা ঐ দুই ইন্দোনেশীয় গৃহপরিচারিকার পাসপোর্ট কেড়ে নেন। একই সাথে কাজ না করলে কঠোর শাস্তি দেওয়া হবে বলে তাদের হুমকি দেন আল জাদের।
জোরপূর্বক কাজ করতে বাধ্য করা, ভিসা জালিয়াতি এবং অন্যান্য অভিযোগে বুধবার তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
কর্তৃপক্ষ জানায়, মাসে মাত্র ৩০০ মার্কিন ডলার দিয়ে আল জাদের তাদের বেশি সময় ধরে কাজ করাতেন।
এছাড়া ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তিনি মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তাদের ভুল তথ্য প্রদান করেন। দৈনিক ৮ ঘন্টা কাজের বিনিময়ে মাসে তাদের এক হাজার ৫০০ মার্কিন ডলার মজুরি দেওয়া হয় বলে তিনি আবেদনে উল্লেখ করেন।
বুধবার সকালে এফবিআই এজেন্টরা তাকে উইনচেস্টারের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
