কিরঘিজস্তানের বিতাড়িত নেতা আকায়েভ পদত্যাগ করতে চান!
কিরঘিজস্তানের বিতাড়িত প্রেসিডেন্ট আসকার আকায়েভ বলেছেন, নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা হলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, “কিরঘিজস্তানের আইন-কানুনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হলে তিনি পদত্যাগে রাজি আছেন।” খবর বিভিন্ন বার্তা সংস্থার।
রাশিয়ার রেডিওকে দেওয়া সাক্ষাতকারের সাথে টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারের বৈপরীত্য লক্ষ্য করা গেছে। আকায়েভ ইতোপূর্বে রাশিয়ার রেডিওকে দেয়া সাক্ষাতকারে বলেছিলেন, “আমি এখনও কিরঘিজস্তানের বৈধ প্রেসিডেন্ট।”
পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির প্রতিবাদে বিরোধী দলগুলোর গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট আসকার আকায়েভ গত সপ্তাহে রাজধানী বিসকেক ছাড়তে বাধ্য হন।
রাশিয়ার রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট আকায়েভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি এখন রাশিয়ায় রয়েছেন।
দেশ থেকে বিতাড়িত হবার পর এটাই হল তার প্রথম বক্তব্য।
এদিকে, কিরঘিজস্তানের নয়া নেতৃত্ব বিতাড়িত প্রেসিডেন্ট আকায়েভের আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা চান।
রাশিয়ার ইকো রেডিওকে ইতোপূর্বে দেওয়া এক সাক্ষাতকারে আসকার আকায়েভ বলেন, “কিরঘিজস্তানে নবনির্বাচিত পার্লামেন্টই আইনগতভাবে বৈধ প্রতিষ্ঠান। অন্তর্বর্তীকালীন সরকার বৈধ নয়।”
আসকার আকায়েভ বলেন, তিনি নতুন সংসদের সাথে সমঝোতায় যেতে আগ্রহী। তবে নতুন স্পিকার ওমরবেক তাকায়েভের সাথে কিছুতেই আলোচনায় বসতে রাজি নন।
