২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন: পাকিস্তান ও চীনের কড়া সমালোচনা

পাকিস্তান ও চীনে মানবাধিকার ব্যাপক মাত্রায় লঙ্ঘিত হচ্ছে মর্মে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে চীন ও পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতির তীব্র সমালোচনা করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

কিন্তু প্রতিবেদনের বিবৃতি আর বাস্তব কাজের মধ্যে ফারাক বিস্তর। যুক্তরাষ্ট্র কয়েক দিন আগে পাকিস্তানের কাছে জঙ্গি বিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এবং বেশ কিছু দিন ধরেই চীন তার নাগরিকদের সাথে কী আচরণ করছে সে ব্যাপারে নিস্পৃহ থাকার নীতি অবলম্বন করেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস স্বাক্ষরিত ওই প্রতিবেদনে ৯৮ টি দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে যুক্তরাষ্ট্র কী ভূমিকা পালন করেছে তার বিবরন তুলে ধরা হয়।

রাইস বলেন,“আমরা স্বাধীনতার প্রশ্নে নির্যাতিত মানুষের জন্য কিছু করতে চাই।” ওই প্রতিবেদনে পাকিস্তানের মানবাধিকার-বিষয়ক কিছু অগ্রগতির কথা বলা হয়েছে। তবে অগ্রগতির শম্ভুক গতির কথাও প্রতিবেদনে ঊল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ন্যাশনাল এ্যাসেম্বলিকে কাজে লাগিয়ে সংবিধান সংশোধন করে নিজের অবস্থান শক্ত করেছেন এবং পাকিস্তানি রাজনীতিতে সামরিক বাহিনীর উপস্থিতি খুবই সরব।

প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ সামরিক বাহিনীর প্রধান পদে থাকার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্কও সৃষ্টি করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, “তবে সরকার ২০০৫ সালে স্থানীয় নির্বাচন এবং ২০০৭ সালে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্র“তি ব্যক্ত করেছে।”

প্রতিবেদেনে আরও বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র এজন্য পাকিস্তানকে উৎসাহ দিচ্ছে এবং সব ধরনের সহায়তা প্রদানের প্রতিশ্র“তি দিয়েছে।”

একই প্রতিবেদনে চীনের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠন এমনকি ব্যক্তি বিশেষের ওপর নির্যাতনের তীব্র সমালোচনা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।

চীন ইতোমধ্যে মানবাধিকার রক্ষায় সংবিধান সংশোধন করেছে এবং সরকারের  কার্যক্রম মনিটর করার জন্য কিছু আইনি সংস্কার সাধন করেছে। কিন্তু ওই প্রতিবেদনে বলা হয়েছে, “এটা স্পষ্ট নয় যে, চীনের সংবিধান সংশোধন এবং আইনগত সংস্কার কিভাবে এবং কতটুকু কার্যকর হবে।”

সম্প্রতি বুশ প্রশাসন প্রকাশ্যেই চীনের জনগণের সাথে সরকারের অবাঞ্চিত আচরণের তীব্র সমালোচনা করেছে। এছাড়াও বুশ প্রশাসন চীনের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে।