কিরঘিজস্তানের রাজনৈতিক বিরোধ নিষ্পত্তিতে ওএসসিই উদ্যোগ নেবে
ইউরোপের শীর্ষস্থানীয় নিরাপত্তা সংস্থা অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কো-অপারেশন (ওএসসিই) কিরঘিজস্তানের রাজনৈতিক বিরোধ মেটাতে জরুরি পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।
কয়েক দিন আগে গণবিক্ষোভের মুখে কিরঘিজ প্রেসিডেন্ট আসকার আকায়েভ পদত্যাগ করলে দেশটিতে সরকার গঠন সংক্রান্ত আইনগত জটিলতা দেখা দেয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ওএসসিই প্রধান ইতোমধ্যেই কিরঘিজস্থান পৌঁছেছেন এবং এর আইন বিশেষজ্ঞরা কয়েকদিনের মধ্যে সেখানে পৌঁছাবেন।
মধ্য এশিয়ার দেশ কিরঘিজস্তানে প্রেসিডেন্ট আসকার আকায়েভের পদত্যাগ ও দেশ ত্যাগের পর এখন পরস্পর বিরোধী দু’টি পার্লামেন্ট বহাল হয়েছে এবং উভয়েই তাদের বৈধতা নিয়ে ব্যাপক বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছে।
আশংকা করা হচ্ছে, এই বিরোধ দেশটিকে চরম অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে পারে।
কিরঘিজস্তানের নির্বাচন কমিশন নতুন পার্লামেন্টকে সমর্থন জানিয়েছে। আবার সুপ্রীম কোর্ট গত বৃহস্পতিবার নির্বাচন বাতিল করে সাবেক পার্লামেন্টকেই বৈধতা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কুরমানবেক সুপ্রীম কোর্টের এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন।
অপরদিকে নতুন নিরাপত্তা বিভাগের প্রধান ফেলিক্স কুলভ রাজধানী বিসকেকে এক সমাবেশে বলেছেন, সাবেক পার্লামেন্টের মেয়াদ শেষ, অতএব সেটি আর কার্যকর নেই, নতুন পার্লামেন্টই বৈধ ক্ষমতার অধিকারী।
ওএসসিই’র মহাসচিব জেন কুবাইস ভিয়েনা থেকে বিসকেকে পৌঁছেছেন। রোববার তিনি কিরঘিজস্তানের অন্তর্বর্তীকালীন শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন।
বৈঠক শেষে জেন কুবাইস এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে উদ্ভুত বিষয়াবলী নিয়ে তারা আবার বৈঠকে বসবেন।
মধ্য এশিয়ায় ওএইসিই’র প্রতিনিধি আলোস পিটারলি কিরঘিজস্তানের নতুন নেতাদের কাছে অচলাবস্থা নিরসনে নতুন পথ খোঁজার আহবান জানিয়েছেন। তিনিও কুবাইসের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।
পিটারলি আরও বলেন, “ওএসসিই আশা করছে যে, শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে কিরঘিজস্তানের সকল রাজনৈতিক দল একটি রাজনৈতিক সংলাপে মিলিত হবে।”
