মেহেদী হাসান ও রঙ্গিলার পরিবার পাক সরকারের চিকিৎসা অনুদান গ্রহণে অসম্মতি জানিয়েছে
পাকিস্তানের গজল সম্রাট মেহেদী হাসান এবং চিত্রাভিনেতা রঙ্গিলার পরিবারের সদস্যরা চিকিৎসা-সাহায্য হিসেবে সরকার কর্তৃক প্রদত্ত দুই লাখ টাকার আর্থিক অনুদান গ্রহণে অসম্মতি জানিয়েছে।
পাকিস্তানের সংস্কৃতি মন্ত্রী আজমল খান সিনেট স্ট্যান্ডিং কমিটিকে এ কথা বলেন। খবর বার্তা সংস্থার।
সিনেটর আনোয়ার বেগ বলেন, “অসুস্থ শিল্পীর চিকিৎসায় সহায়তা করার জন্য ভারতীয় শিল্পীরা ফান্ড সংগ্রহ করছে। পাকিস্তান সরকারের হৃদয়েও যে মানবিক গুণাবলী আছে তা প্রর্দশনের জন্য অসুস্থ দুই শিল্পীর প্রত্যেককে কমপক্ষে ১০ লাখ রুপি প্রদান করা উচিত।”
উত্তরে সংস্কৃতি মন্ত্রী বলেন, প্রত্যেক শিল্পীকে দুই লাখ টাকার চেক প্রদান করা হয়েছে, কিন্তু তাদের পরিবার চেক গ্রহণে অসম্মতি জানিয়েছে।
আজমল খান আরও বলেন, অতিরিক্ত অর্থ প্রদান তার আয়ত্তের বাইরে। তবে প্রধানমন্ত্রী শওকত আজিজকে অনুরোধ করে অর্থ-সাহায্য বাড়ানো যায় কিনা সে চেষ্টা তিনি করবেন।
