২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরঘিজস্তানে গণঅভ্যুত্থানে আকায়েভ ক্ষমতাচ্যুত, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত

গণঅভ্যুত্থানের মাধ্যমে কিরঘিজস্তানের প্রেসিডেন্ট আসকার আকায়েভ ক্ষমতাচ্যুত হওয়ার পর সেদেশের পার্লামেন্ট নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার অনুমোদন করেছে। বিরোধী দলের এমপি ও সাবেক নির্মাণ মন্ত্রী ইশিনবাই কাদিরবেকভকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পার্লামেন্টের এক জরুরি সভায় অন্তবর্তীকালীন সরকারকে অনুমোদন দেয়া হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

অসমর্থিত সূত্র জানায়, প্রেসিডেন্ট আসকার আকায়েভ তার পরিবার নিয়ে কিরঘিজস্তান থেকে পালিয়ে গেছেন।

হাজার হাজার বিরোধী সমর্থক বিশকেকের দোকানপাঠ ভাঙচুর ও লুট করে এবং সরকারি ভবনগুলোতে আগুন লাগিয়ে দেয়।

যুক্তরাষ্ট্র বলেছে, কিরঘিজস্তান এখন গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছে। ঘটমান বিষয়াবলী তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অপরদিকে রাশিয়া কিরঘিজস্তানের ব্যাপারে সংযত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। রাশিয়া বলেছে কিরঘিজস্তানে বিরোধী দলগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

প্রধান বিরোধী নেতা ফেলিক্স কুলভ কিরঘিজস্তানের নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। কুলভকে বৃস্পতিবার সকালে তার হাজার হাজার সমর্থক জেল থেকে ছাড়িয়ে আনে।

বিরোধী দলের আরেক নেতা কুরমানবেক বাকিয়াভ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। কিন্তু এসব নিয়োগের আইনগত ভিত্তি আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

তামির সারিয়াভ নামের একজন ডেপুটির (সাংসদ) উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জানায়, “ পার্লামেন্ট এখন বৈধ না কি অবৈধ তা কেউই জানে না।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস বলেছেন, “কিরঘিজস্তানে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র। তবে ঘটনাবলী ঠিক কোনদিকে যাচ্ছে সে ব্যাপারে আগাম বলা সম্ভব না।

কিরঘিজস্তান সামরিক কৌশলের দিক থেকে রাশিয়া এবং আমেরিকা উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ। কারণ কিরঘিজস্তানে দুটি দেশেরই সামরিক ঘাঁটি রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ফেব্র“য়ারি মাসের নির্বাচন বাতিল ও অর্থনৈতিক পুনর্গঠনের দাবিতে এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে কিরঘিজস্তানের হাজার হাজার বিরোধী সমর্থক গত এক সপ্তাহ যাবৎ বিক্ষোভ-সমাবেশ করছিল। বৃহস্পতিবার বিরোধী সমর্থকরা প্রেসিডেন্ট ভবন দখল ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং অন্তবর্তীকালীন সরকার গঠন করে।