২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মোশাররফ বিরোধী বিশাল সমাবেশ

হাজার হাজার লোক রোববার করাচিতে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে আগতদের সবাই উগ্রপন্থী ধর্মীয় সংগঠনের কর্মী-সর্মথক। সমাবেশ চলাকালে তারা মোশাররফকে অবাঞ্চিত ঘোষণা করে এবং যুক্তরাষ্ট্রমুখী নীতির কারণে তার কঠোর সমালোচনা করে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

ইসলামী সংগঠনগুলোর জোট মুত্তাহিদা মজলিশ-ই-আমল (এমএমএ) আগামী ২ এপ্রিল দেশব্যাপী সাধারন ধর্মঘটের ডাক দিয়েছে। বেকারত্ব এবং বর্ধমান মুদ্রাস্ফীতি, ধর্মনিরপেক্ষতার প্রতি সরকারের আগ্রহ এবং পাসপোর্টে ধর্মীয় পরিচয় বাতিল করার প্রতিবাদে এমএমএ এ ধর্মঘটের ডাক দিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী এবং মুসলিম লীগের সভাপতি নওয়াজ শরীফ এ হরতালের প্রতি সর্মথন ব্যক্ত করেছেন।

রোববারের সরকার বিরোধী সমাবেশে সাবেক ক্রিকেট তারকা এবং তেহরিক-ই-ইনসাফ এর নেতা ইমরান খানও উপস্থিত ছিলেন। 

ইসলামী জোটের সভাপতি কাজী হোসেন আহমেদ সমাবেশে বলেন, ১৯৯৯ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণকারী মোশাররফকে  ক্ষমতাচ্যুত করার আন্দোলনের কর্মসূচির সূচনা হল।

তিনি বলেন, অনতিবিলম্বে অবৈধ মোশাররফ সরকারের পতন ঘটবে এবং মোশাররফের জায়গায় আমেরিকার লেজুড় হয়ে কেউ আসুক তা আমাদের প্রত্যাশিত নয়। 

পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধী দলীয় নেতা মৌলানা ফজলুর রহমান বলেন, “মোশাররফ আমেরিকার হাতে নাচছে এবং পাকিস্তানের ইসলামী মূল্যবোধকে নষ্ট করে ফেলছে। ক্ষমতা থেকে তাকে না সরানো পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই।”

তিনি বলেন, পারমাণু বিজ্ঞানী এ কিউ খানকে গোপনে পরমাণু তথ্য পাচারের অভিযোগে ভিন্ন কোনও দেশে হস্তান্তর করা হলে মোশাররফকে চরম মূল্য দিতে হবে। তিনি যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের অভ্যন্তরীন ব্যাপারে নাক না গলানোর জন্য সর্তক করে দেন।