নেপালে ফিরে গেছেন ভারতের রাষ্ট্রদূত
যদিও ভারত বলেছে নেপাল প্রশ্নে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে, তদুপরি নিজ সরকারের সাথে নেপালের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর ভারতীয় রাষ্ট্রদূত শিব শংকর মুখার্জী কাঠমান্ডু প্রত্যাবর্তন করেছেন।
উল্লেখ্য, ভারত ইতোপূর্বে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় দেশের সাথে একযোগে নিজ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। একটি নেপালি ওয়েবসাইট এ খবর নিশ্চিত করেছে।
রাষ্ট্রদূত শংকর মুখার্জী নেপালের সাম্প্রতিক ঘটনাবলী পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং, প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখার্জী, স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ানান এবং পররাষ্ট্র সচিব শ্যাম শরণকে অবহিত করেছেন।
নেপালের রাজা জ্ঞানেন্দ্র গত ১ ফেব্র“য়ারি সর্বময় ক্ষমতা গ্রহণের পর শংকর মূখার্জীকে দ্বিতীয়বারের মতো নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয়।
শিব শংকর ভারত সরকারকে জানিয়ে দিয়েছেন যে, নেপালে পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। অবশ্য ইত্যবসরে কয়েকজন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্মকর্তা বলেন, ভারত গত ২ ফেব্র“য়ারির বিবিৃতিতে যা বলেছিল তাই অপরিবর্তিত রাখছে, নেপাল নীতিতে এখনই কোনও পরিবর্তন আসছে না।
ওই বিবৃতিতে ভারত বলেছিল গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা ব্যতীত অন্য কিছুই গ্রহণযোগ্য নয়। গুটি কয়েক রাজবন্দিকে মুক্তি দেওয়াই যথেষ্ট নয়।
নেপালে ফিরে মুখার্জী রাজা জ্ঞানেন্দ্রকে ভারতের অবস্থান সম্পর্কে অবহিত করবেন বলে আশা করা যাচ্ছে।
ওই কর্মকর্তা আরও জানান, নেপালে পাকিস্তানের অস্ত্র সরবরাহে ভারত মোটেও বিচলিত নয়। এতে আমাদের অবস্থানের কোনও পরিবর্তন ঘটবে না।
ভারতীয় রাষ্ট্রদূতের ফিরে যাওয়ার ব্যাপারে নেপাল সরকার এখনও কোনও মন্তব্য করেনি।
