উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে হু-রাইস মতৈক্য
চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস এ মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে, তারা উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে বসাতে একসাথে কাজ করবেন।
এছাড়া চীনের প্রেসিডেন্ট এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাইওয়ান নিয়ে সৃষ্ট সংকট সমঝোতার মাধ্যমে সমাধান করতে সম্মত হয়েছেন। দক্ষিণ এশিয়া সফরের শেষভাগে রাইস এখন চীনে অবস্থান করছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
হু-কন্ডেলিজা আলোচনায় উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিই প্রধান্য পায়। যুক্তরাষ্ট্র চায় চীন তার ঘনিষ্ঠ মিত্র উত্তর কোরিয়ার ওপর আরও চাপ প্রয়োগ করুক। চীনের উদ্যোগে যে ৬-জাতি আলোচনা চলছিল উত্তর কোরিয়া গত মাসে সে আলোচনা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে।
রোববার চীনা প্রেসিডেন্ট হু কন্ডোলিজাকে বলেন, চীন যতদূর সম্ভব আলোচনার তারিখ নির্ধারণ করতে অন্যান্য পক্ষের সাথে আলাপ করতে আগ্রহী, যাতে স্থগিত আলোচনা পুনরায় শুরু করা যায়।
এদিকে বিবিসি’র রূপার্ট উইংফিল্ড-হেইস বলেন, বহির্বিশ্বে এমন ধারণা প্রচলিত রয়েছে যে, উত্তর কোরিয়ায় যা ঘটছে তাতে চীনের ভূমিকা রয়েছে। এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চান চীন তার এ প্রভাবক ভূমিকা কাজে লাগিয়ে উত্তর কোরিয়াকে আলোচনায় ফিরে আসতে বাধ্য করুক।
তিনি মন্তব্য করেন, যুক্তি খুবই সহজ, চীন তা পারে। কারণ চীনের তেল, কয়লা এবং খাদ্যশস্য ছাড়া উত্তর কোরিয়ার অর্থনীতি সপ্তাহান্তেই ধ্বসে পড়বে।
কিন্তু চীন বলেছে উত্তর কোরিয়ার ওপর তার প্রভাব সীমিত এবং যুক্তরাষ্ট্রের এক্ষেত্রে আরও নমনীয় হওয়া উচিত।
রাইসের সাথে রোববারের বৈঠকে চীনের প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশের নতুন আইন তাইওয়ানের স্বাধীনতার উচ্চাকাঙক্ষাকে রোধ করতে এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রণয়ন করা হয়েছে। ওয়াশিংটন অবশ্য এ আইনের কঠোর সমালোচনা করেছে।
চীনের প্রেসিডেন্ট আরও বলেন, “আমরা আশা করছি যে, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে এমন কোনও ইঙ্গিত দেবে না যার ফলে তাইওয়ান চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা চালাতে পারে।”
এসময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ‘একচীন নীতিতে’ বিশ্বাসী। প্রসঙ্গত উল্লেখ্য যে, তাইওয়ানে যুক্তরাষ্ট্রই সর্বাধিক অস্ত্র সরবরাহ করে থাকে।
