চীনে অস্ত্র বিক্রি করলে ইউরোপীয় দেশগুলো অবিবেচকের কাজ করবে: রাইস
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস বলেছেন ইউরোপের দেশগুলো অবিবেচকের মত কাজ করবে যদি তারা চীনে আধুনিক অস্ত্র বিক্রি করে। কেননা তিনি মনে করেন একদিন এই অস্ত্রগুলো প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।
রাইস বলেন, “ইউরোপ নয় যুক্তরাষ্ট্রই প্রশান্ত মহাসাগরকে রক্ষা করছে।” সপ্তাহব্যাপী এশিয়ার দেশগুলো সফরের এক পর্যায়ে রবিবার সিউলে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার পর তিনি এ কথা বলেন।
ইউরোপীয় ইউনিয়ন চীনের ওপর থেকে খুব শীঘ্রই অস্ত্র বিক্রি সংক্রান্ত অবরোধ তুলে নিতে পারে। ১৯৮৯ সালে তিয়েনমেন স্কোয়ারে গণতান্ত্রিক আন্দোলনকারীদের ওপর আগ্রাসনের প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়ন ওই নিষেধাজ্ঞা জারি করেছিল। অবরোধ তুলে নিলে চীন ইউরোপীয় দেশগুলো থেকে অস্ত্র আমদানির সুযোগ পাবে। সামরিক বাহিনীকে আরো আধুনিক করতে চীন ইতোমধ্যে এর সামরিক ব্যয় বৃদ্ধি করেছে বলে রাইস জানান।
তবে সাম্প্রতিক সময়ে তাইওয়ানে অনুপ্রবেশের বিষয়ে চীনের হুমকি প্রদান ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অস্ত্র বিক্রির বিষয়ে নিরুৎসাহিত করতে পারে।
তিনি চীনা সরকারি কর্মকর্তাদের সাথে পরবর্তী বৈঠকে তাইওয়ান ইস্যুতে চীনের সাম্প্রতিক মনোভাবের প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরবেন।
