২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্থানে প্রবল বন্যায় নিহত ২০০, ব্যাপক ক্ষয়ক্ষতি

আফগানিস্থানের উরুজগান, ফারাহ, ঘোর এবং জাওজান প্রদেশে প্রবল বন্যায় গত কয়েকদিনে ২০০ লোক নিহত হয়েছে। হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে এবং অসংখ্য ঘর-বাড়ি ভেসে গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ঢল এবং বরফ গলা পানির কারণে এ বন্যার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

শনিবার আফগানিস্থানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের একটি ওয়েব সাইট জানায়, বন্যায় ১১৫ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। মৃতদের মধ্যে বেশির ভাগই শিশু।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত এলাকা থেকে এখনও নিহতদের তালিকা সংগ্রহ করা সম্ভব হয়নি। ফারাহ প্রদেশে ৮৫ জন এবং ঘোর প্রদেশে একজন মহিলা ও দুইটি শিশু মারা গেছে বলে তারা জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা দাদ মুহাম্মদ রাসা বলেন, ঘোর পর্বত বেয়ে প্রবাহিত ফারাহ রদ নদীতে কমপক্ষে ২১ বয়স্ক ব্যক্তি এবং ৬৪ শিশু ডুবে মারা গেছে।

কাবুল কর্তৃপক্ষ এখন পর্যন্ত বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানতে পারেনি। তারা সাম্প্রতিক তথ্য জানার জন্য অপেক্ষা করছে।

উক্ত মন্ত্রণালয়ের মুখপাত্র লুৎফুল্লাহ মাসাল বলেন, তারিন কোট, উরুজগান এবং চোরি প্রদেশের প্রায় ৬‘শ ঘর-বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। এ প্রদেশের জনগণের এখন খাদ্য এবং তাবুর খুব বেশি প্রয়োজন।

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র মেজর স্টিভ ওলম্যান জানান, সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে উরুজগানে প্রায় ২৫০ জনকে উদ্ধার করা হয়েছে।

ঘোর প্রদেশের কর্মকর্তারা জানান, বন্যার করণে প্রায় ২৬৬টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। খাজা দু কোহ জেলার প্রায় ২,৪৭০ একর কৃষিজমির ফসল নষ্ট হয়ে গেছে।

আফগানিস্থানে সাত বছর খরার পর গত মৌসুমে যে শীত গেল, এক দশকের মধ্যে এরকম শীত আর পড়েনি। এর ফলে দেশটি ইতিমধ্যেই অনেক ভোগান্তির শিকার হয়েছে।

সাম্প্রতিককালে বরফ গলা পানির সাথে প্রবল বৃষ্টিপাতজনিত ঢল মিশে যে প্রবল বন্যার সৃষ্টি হল তাতে যুদ্ধ-বিধ্বস্ত দেশটি এক বিপর্যয়কর অবস্থায় পতিত হয়েছে।