পাকিস্তানে মাজারে বোমা বিস্ফোরণ: কমপক্ষে ৩৫ নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গান্ধায়া শহরে শনিবার শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি মাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছে।
গান্ধায়া শহরে এ বোমা হামলা কেন করা হল অথবা এর উদ্দেশ্য কি সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বেলুচিস্তান প্রদেশে সাম্প্রদায়িক হানাহানি, জাতিগত সংঘাত এবং বিচ্ছিন্নতাবাদী সহিংসতা লেগেই আছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
শনিবার মধ্যরাতে মাজারে সমবেত লোকদের মধ্যে যখন খাদ্য বিতরণ করা হচ্ছিল, তখনই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
মাজারের কেয়ারটেকার ফকির গুলাম হুসেন জানান, বোমা বিস্ফোরণের পর ৩৫টি লাশ পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণস্থলে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।
তিনি আরও বলেন, এ দৃশ্য দেখে মনে হচ্ছিল,এটাই বুঝি পৃথিবীর অন্তিম মুহুর্ত।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রাওয়াত খান রয়টার্সকে বলেন, ”এটি ছিল বড় ধরনের একটি বিস্ফোরণ”। থানার প্রধান কর্মকর্তা মেহরাব খান জানান, এ ঘটনায় ৪০জনেরও বেশি লোক আহত হয়েছে।
পুলিশের ধারণা, এটি আত্মঘাতি বোমা হামলা নয়। এ ঘটনা সুন্নী মুসলিম জঙ্গিরাই ঘটিয়েছে। কারণ অতীতেও সুন্নী মুসলমানদের ওপর শিয়াদের এ ধরনের হামলার নজীর রয়েছে ।
বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্র সচিব হুমায়ন খান বলেন, বোমা বিস্ফোরণের ব্যাপারে এত শীঘ্রই কাউকে দোষ দেয়া যাবে না। তবে এটি সন্ত্রাসী কর্মকান্ড বলে তিনি উল্লেখ করেন।
