পাকিস্তান ৫৬৮ ভারতীয় বন্দিকে মুক্তি দিচ্ছে
পাকিস্তান ৫৬৮ জন ভারতীয় বন্দিকে মুক্তি দিচ্ছে। এদের মধ্যে ৫২৯ জন জেলে এবং ২৯ জন সাধারণ নাগরিক। পাকিস্তানের বিভিন্ন কারাগারে তারা সাজা ভোগ করেছে। আজ (রোববার) তাদেরকে ওয়াগাহ সীমান্ত দিয়ে ভারতে পাঠানো হবে।
চলতি সপ্তাহে এটা হবে দ্বিতীয় দফা বন্দিমুক্তি। তিনদিন আগে ২১ জন ভারতীয় নাগরিককে সাজা ভোগ শেষে মুক্তি দেওয়া হয়। পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, দ্বিতীয় দফায় তারা ৫২৯ জন জেলেকে মুক্তি দিচ্ছে। কিন্তু তাদের নৌকা ফেরত দেয়া হবে না।
তাদের মুক্তির পরও পাকিস্তানের কারাগারে আরও ২৭৩ জন জেলে রয়ে গেছে। পরিচয় নির্ধারণের কাজ শেষ হবার পর তাদেরকে মুক্তি দেয়া হবে বলে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছে।
৫২৯ জন জেলে ছাড়াও ৩৯ জন ভারতীয় নাগরিককে মুক্তি দিচ্ছে পাকিস্তান ।
কিন্তু ভারত এসব জেলেদের জীবন-জীবিকার প্রধান অবলম্বন নৌকা কিংবা ট্রলার ফেরত দিতে পাকিস্তান সরকারকে রাজি করাতে পারেনি।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৬৩ জন ভারতীয় নাগরিক পাকিস্তানে অবৈধভাবে প্রবেশ করে। বৈধ কাগজপত্রাদি দেখাতে না পারায় পাকিস্তানি পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
পশ্চিমের বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ট্রাভেল এজেন্সির ওইসব লোকদের পাকিস্তানে নিয়ে আসে। এদের বেশিরভাগই পাকিস্তান থেকে ইরান হয়ে তুরস্কে যাবার জন্য পাকিস্তানে ঢুকে।
উল্লেখ্য, সম্প্রতি প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সাথে ভারতীয় কমিউনিস্ট নেতাদের আলাপ-আলোচনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার সে দেশের কারাগারে বন্দি জেলে ও অন্যান্য নাগরিকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
