পাকিস্তানে ২০০৭ সালে অবাধ নির্বাচনের আহবানে রাইস
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠায় ২০০৭ সালে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রেসিডেন্ট মোশাররফকে আহবান জানিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তিনি বৃহস্পতিবার পারভেজ মোশাররফের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অর্ধদিনের কাবুল সফর শেষে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে রাইস বলেন, ‘আমরা গণতন্ত্রের প্রয়োজন নিয়েই সর্বদা আলাপ আলোচনা করব।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলন নিয়ে যথেষ্ট আশাবাদী। বৈঠকে রাইস ভারতের সাথে জম্মু-কাশ্মীর নিয়ে সমঝোতা এবং সন্ত্রাসবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ইরাক এবং আফগানিস্তানে পাকিস্তানের অংশগ্রহণ গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।
রাইস সন্ত্রাসবাদ বিরোধী আন্দোলনে মোশাররফের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে মোশাররফের প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি কৌশলগত ভাবে রাইস বৈঠকে তুলে ধরেন।
এই অবস্থার প্রেক্ষাপটে রাইস ২০০৭ সালে পাকিস্তানে স্বাধীন এবং অবাধ নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। রাইস বলেন,“ পাকিস্তানের গণতান্ত্রিক সংস্কার এখন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ২০০৭ সালে স্বাধীন এবং অবাধ নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হতে পারে।”
জানুয়ারি মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাবার পর কন্ডোলিজা রাইসের এ্টাই প্রথম দক্ষিণ এশিয়া সফর। পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর তিনি বৃহস্পতিবার সকালে কাবুলের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করেন। রাইস মোশাররফের সাথে বৈঠকে আধুনিক পাকিস্তানের ওপর জোর দিয়ে বলেন, “পাকিস্তানের চেহারা ১১ সেপ্টেম্বরের মত নয়। প্রেসিডেন্ট মোশাররফ এবং তাঁর উপদেষ্টারা পাকিস্তানের উন্নতির তাগিদকেই এখন গুরুত্ব দিচ্ছেন।”
রাইস আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ব্যাপকভিত্তিক এবং টেকসই অংশীদারিত্বের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া জম্মু-কাশ্মীর প্রশ্নে ভারতের সাথে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে রাইস মোশাররফের প্রতি আহবান জানান।
