২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান অযথাই নাক গলাচ্ছে আর সিরিয়া জঙ্গি প্রবেশ রোধে আন্তরিক নয়: ইরাক প্রসঙ্গে সিআইএ

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ অভিযোগ তুলেছে যে, ইরান অযথাই ইরাকের অভ্যন্তরীন ব্যাপারে নাক গলাচ্ছে এবং সিরিয়া ইরাকে জঙ্গিদের প্রবেশ রোধে মোটেও আন্তরিক নয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 01:38 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সিআইএ প্রধান বৃহস্পতিবার বলেন, ইরাকে জঙ্গি তৎপরতার কারণে স্থিতিশীলতা আনয়নের যে প্রয়াস ইরাকি সরকার চালাচ্ছে তা সফলতার মুখ দেখছে না। কেননা স্থিতিশীলতা প্রতিষ্ঠার যেকোনও উদ্যোগ জঙ্গিরা বানচাল করতে চায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।   

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের প্রতি হুমকি বাড়ছে। আশংকা বৃদ্ধির এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক পোর্টার গস মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে বক্তব্য পেশকালে বলেন, আমার মনে হয় এটা বললে অত্যুক্তি হবেনা যে, ইরান ইরাকের ব্যাপারে অযথাই নাক গলাচ্ছে।    

গস আরও বলেন, ভবিষ্যতে এসব তৎপরতা কোন দিকে মোড় নেবে তা বিবেচনায় নেওয়া দরকার।

তিনি বলেন, আন্তর্জাতিক কূটনৈতিক প্রয়াস থাকা সত্ত্বেও ইরান তার পারমানবিক কর্মসূচির বিষয়টি খোলাসা করতে যথেষ্ট আন্তরিকতা ও সচ্ছতা দেখায়নি।

গস তার বক্তব্য পেশ কালে অনেক প্রশ্নেরই যথাযথ উত্তর এড়িয়ে যান। তিনি ইরানকে দোষারোপ করে বলেন, ইরান সন্ত্রাসের অন্যতম মদদদাতা দেশ হিসেবে ইতোমধ্যেই চিহ্নিত হয়ে আছে। তারা লেবাননে হিজবুল্লাহর মত জঙ্গি সংগঠনকে সমর্থন দিয়ে যাচ্ছে। তাদের এসব কার্যকলাপ বন্ধ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

মার্কিন চাপের মুখে লেবানন থেকে সিরীয় সৈন্য প্রত্যাহার সম্পর্কিত মন্তব্যে তিনি বলেন, আসল ব্যাপার হচ্ছে সৈন্য প্রত্যাহারের অবকাশে সিরিয়া দিয়ে জঙ্গিরা বিপুল সংখ্যায় ইরাকে প্রবেশ করছে। 

তিনি বলেন, সিরিয়ার কাছ থেকে সহযোগিতা পাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও আমরা তেমন সফলতা পাইনি।

গস বেশ সন্তোষের সাথে বলেন, ইরাকে জঙ্গিদের পাকড়াও করার ক্ষেত্রে মার্কিন বাহিনী আগের চেয়েও অধিক সফলকাম হয়েছে।

কিন্তু ভিন্ন কথা শুনিয়েছেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালক ভাইস এডমিরাল লয়েল জ্যাকোবি। তিনি বলেছেন, গোয়েন্দা কার্যক্রমে সহযোগিতা করতে আগ্রহী ইরাকি নাগরিকদের কারনেই জঙ্গিদের পাকড়াও করতে সক্ষম হয়েছে মার্কিন বাহিনী।