ইরানে জনসম্মুখে ধারাবাহিক খুনির মৃত্যুদণ্ড কার্যকর
‘মরুভূমির রক্তচোষা’ হিসেবে কুখ্যাত ধারাবাহিক খুনি মোহাম্মদ বিজেহকে ২১ জনকে অপহরণ ও খুনের অভিযোগে বুধবার হাজার হাজার জনতার সম্মুখে ফাঁসি দেওয়া হয়েছে। জানা যায়, তার শিকারদের অধিকাংশই ছিল শিশু।
এএফপি’র বরাত দিয়ে একাধিক সংবাদ সংস্থা এ কথা জানায়। তেহরানের দক্ষিণে অবস্থিত দারিদ্র্য পীড়িত পাকদশ্ত শহরে দণ্ড কার্যকর করার সময় এএফপি’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ফাঁসিতে ঝোলানোর আগে তাকে একশ’টি বেত্রাঘাত এবং এক নিহতের বিক্ষুব্ধ ভাই তার পিঠে ছুরিকাঘাত করে। অপর এক নিহত শিশুর মা তার গলায় নীল রঙের দড়ি পড়িয়ে দেয় এবং একটি ক্রেন থেকে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়।
এ সময় বিক্ষুব্ধ জনতা তার কৃতকর্মের জন্য বিদ্রুপ করতে থাকে।
অপহরণ ও হত্যার অভিযোগে বিজেহ ও তার সহযোগী আলী বাঘিকে গত বছরের সেপ্টেম্বর মাসে গ্রেফতার করা হয়।
তার আগের এক বছরেরও বেশি সময় ধরে তারা দু’জন খরগোশ বা শেয়াল শিকারের প্রলোভন দেখিয়ে শিশুদের মরুভূমিতে নিয়ে যৌন নির্যাতনের পর পাথরে মাথা ঠুকে হত্যা করে আসছিল। আর মৃতদেহগুলো তারা মরুভূমিতে অগভীর গর্ত করে পুঁতে রাখতো।
গত বছরের নভেম্বর মাসে ১৯ থেকে ২২ জনকে হত্যার অভিযোগ প্রমাণিত হলে শুধু বিজেহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
পরে নিহতদের পরিবারের চাপে বিচার বিভাগের প্রধানের নির্দেশে পুনর্বিবেচিত রায়ে আলী বাঘিকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে জানুয়ারি মাসে সুপ্রীম কোর্ট অপর এক রায়ে তার মৃত্যুদণ্ড রদ করে ১৫ বছরের কারাদণ্ড দেন।
