২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের এমপিরা অধিবেশনে বসছেন

ইরাকের নয়া পার্লামেন্ট বুধবার উদ্বোধনী অধিবেশনে বসছে, যদিও কোয়ালিশন সরকার গঠন প্রশ্নে ইরাকের প্রধান দলগুলো এখনও সমঝোতায় পৌঁছুতে পারেনি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 03:25 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

ইরাকি কর্তৃপক্ষ আশা করছে, পার্লামেন্ট অধিবেশন ডাকার আগেই তারা ক্ষমতা ভাগাভাগি নিয়ে একটি চুক্তিতে উপনীত হতে পারবেন।

চারসপ্তাহ আগে ইরাকের প্রথম গণতান্ত্রিক নির্বাচন হলেও সরকার গঠন নিয়ে সমঝোতা প্রক্রিয়া এখনো চলছে। আর ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে চুক্তি না হলে পার্লামেন্ট অধিবেশন হবে আনুষ্ঠানিকতা মাত্র। ফলে এমপিরা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে না।

আলোচকরা আশাবাদ ব্যক্ত করেছেন, চলতি মাসের মধ্যেই সকল দলের সাথে সমঝোতায় পৌঁছে  একটি নয়া সরকার গঠন করা যাবে। 

বার্তা সংস্থাগুলোর ভাষায়, ইরাকে এক যুগের বেশি সময় স্বৈরাচারী শাসক থাকার পর কোয়ালিশন সরকার ইরাকে নতুনত্ব আনতে পারে।

শিয়া ইউনাইটেড ইরাকি এলায়েন্স বিধানসভায় অর্ধেক আসন লাভ করায় তারা কুর্দিদের সাথে আলোচনা বন্ধ করে দেন।

পার্লামেন্টের প্রথম অধিবেশনে মূলত কুর্দি যোদ্ধা এবং কিরকুক শহরের ভাগ্য নিয়েই আলাপ আলোচনা হবে।

উত্তর ইরাকের কিরকুক শহরে কুর্দি সম্প্রদায়ের প্রাধান্য বেশি। এখানেই ইরাকের বেশিরভাগ তেলক্ষেত্র রয়েছে। কিরকুক শহরের তেলক্ষেত্রগুলো কারা নিয়ন্ত্রণ করবে এনিয়েই ব্যাপক যুক্তি তর্ক চলছে। সাদ্দাম সরকারের অধীনে সুন্নিদের একচেটিয়া দাপট অবসান হবার পর এখন শিয়া এবং কুর্দি সম্প্রদায় ইরাকের রাজনীতি নিয়ন্ত্রণ করছে। প্রধানমন্ত্রী নির্বাচন এখন দুদলের মধ্যে মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে।