সামরিক সরকারের সখ্য যারা কামনা করেন তারা চিরতরে রাজনীতি থেকে হারিয়ে যাবেন: ইমরান খান
সাবেক পাকিস্তানি ক্রিকেট তারকা ইমরান খান বলেছেন, জাতির সকল বিষয়কেই প্রশ্নের সম্মুখিন করেছে সরকার। এমতাবস্থায় যেসকল বিরোধী দল সামরিক সরকারের সাথে সমঝোতা করার চেষ্টা করবেন তারা চিরদিনের জন্য রাজনীতি থেকে হারিয়ে যাবেন। খবর পাকিস্তানি বার্তা সংস্থার।
শুক্রবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান এবং শওকত খানম মেমরিয়াল ক্যান্সার ও রিসার্স সেন্টার হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইমরান খান তিন দিনের সপ্তম দ্বিবার্ষিক ক্যান্সার সিমপোজিয়ামে রিপোর্টারদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন।
ইমরান খাঁন সতর্ক করে বলেন, “সামরিক শাসনের মোসাহেব এবং গণতন্ত্রীদের বিভাজন কিংবা পার্থক্য এখন খুবই স্পষ্ট। সামরিক সরকারের সাথে জোটবদ্ধ হয়ে কাজ করার যেকোনও উদ্যোগ জনগণের ক্রোধের সম্মুখিন হবে। যদি কোনও বিরোধী দল সরকারের সাথে সমঝোতা করে তাহলে তারা নিজেরাই হোঁচট খাবেন এবং অন্ধকারে পতিত হবেন।”
ড. আব্দুল কাদির খান সম্পর্কে তথ্যমন্ত্রী শেখ রশীদ আহমেদের সাম্প্রতিক উক্তি প্রসঙ্গে ইমরান খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সামরিক সরকার তার একনায়ককে (মোশাররফকে) রক্ষা করতে সম্ভাব্য সবকিছুই করছে।
ইমরান খান আরও বলেন, জনগণের অধ:পতনের জন্য সামরিক শাসনই দায়ি, দূর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের আশ্রয় তারাই দেয় এবং ওই সমস্ত লোকদের মন্ত্রীর আসনে তারাই বসায়।
তিনি আরও বলেন, স্বাধীন ও স্বচ্ছ বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনই এ অবস্থায় কিছুটা স্বস্তি দিতে পারে।
