ইরান পারমানবিক শক্তি অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে: ইসরাইল
ইরান প্রয়োজনীয় সব ধরণের রসদ সংগ্রহ করে পারমানবিক বোমা তৈরীর প্রস্তুতি সম্পন্ন করেছে বলে ইসরাইল অভিযোগ তুলেছে। একই সঙ্গে ইরান যেকোনও সময় পারমানবিক বোমা বানাতে পারে মর্মে সতর্কতা ব্যক্ত করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতৃবৃন্দকে ইরানের ওপর চাপ সৃষ্টি করার অনুরোধ জানিয়েছে ইসরাইল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী সিলভান শালোম রয়টার্সকে জানান, ইরান যদি পারমানবিক শক্তির অধিকারী হয় তাহলে তা ইসরাইল এবং অন্যান্য দেশের জন্য ভয়ংকর দু:স্বপ্নের কারণ হয়ে দাঁড়াবে।
মেক্সিকো সফরকালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা অনুধাবন করতে পেরেছি ইরান পারমানবিক অস্ত্র তৈরীর খুব কাছাকাছি চলে এসেছে এবং তা সময়ের তুলনায় অনেক আগেই হয়ে গেছে। যার কারনে আমাদের খুব জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহন করতে হবে।
এদিকে পাকিস্তান এ সপ্তাহেই প্রথমবারের মত বিতর্কিত বিজ্ঞানী আব্দুল কাদির কর্তৃক ইরানে পারমানবিক তথ্য ও প্রযুক্তি পাচারের কথা স্বীকার করেছে।
শালোম অবশ্য বলেননি কখন তাদের চিরশত্র“ ইরান পারমানবিক অস্ত্রের অধিকারী হবে। তবে এ কথা বলেছেন যে, ইরান যে অস্ত্র তৈরী করছে তা ইউরোপের প্রাণকেন্দ্রে আঘাত হানতে সক্ষম হবে, কারণ ইরান ইতোমধ্যেই দুর পাল্লার ক্ষেপনাস্ত্র তৈরীতে বেশ অগ্রগতি সাধন করেছে।
তিনি আরও বলেন, ইরানের পারমানবিক শক্তির অধিকারী হওয়ার মাশুল কেবল ইসরাইল নয়, একদিন সমগ্র বিশ্বকেই দিতে হবে।
