মসুলে আত্মঘাতী বোমা হামলায় ৪৭ জন নিহত
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৭ ব্যক্তি নিহত হয়েছে। সেখানকার একটি মসজিদে বৃহস্পতিবার শিয়া সম্প্রদায়ের এক শেষকৃত্যানুষ্ঠানে বোমা হামলার এ ঘটনা ঘটে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
চিকিৎসকরা বলেছেন, ঘটনায় কমপক্ষে ৯০ জন গুরুতর আহত হয়েছে। মসজিদ সংলগ্ন একটি কামরায় শোকপালনকারীরা সমবেত হওয়ার পরপরই বোমা বিস্ফোরণ হয়।
ইরাকি কর্তৃপক্ষ হামলার জন্য সুন্নি মুসলিম জঙ্গিদের অভিযুক্ত করে বলেন, দেশজুড়ে গৃহযুদ্ধ বাঁধানোর লক্ষ্যেই তারা এ হামলা চালিয়েছে।
মসুলের কেন্দ্রস্থলে দরিদ্র-জনবসতি তামিমের শাহিদান মসজিদে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিকট শব্দে মসজিদের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয় এবং তারা একটি অগ্নিগোলক দেখতে পান।
৪৫ বছর বয়স্ক আদনান আল-বায়াতি বলেন, “ধোঁয়ার কুন্ডলী সরে যাওয়ার পর আমরা মসজিদে ছিন্নভিন্ন লাশ পড়ে থাকতে দেখি, আর চারপাশে পোড়া বারুদের গন্ধ পাচ্ছিলাম।”
বোমা বিস্ফোরণ এতই প্রবল ছিল যে, আশেপাশের গাড়ির জানালার কাঁচ ভেঙ্গে যায়।
উল্লেখ্য, কুর্দি অধ্যুষিত উত্তর ইরাকের আরব-অধ্যুষিত মসুল শহরে গত নভেম্বর থেকে জঙ্গি-বিদ্রোহী, মার্কিন বাহিনী ও ইরাকি বাহিনীর মধ্যে সংঘর্ষ লেগেই আছে।
