২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যালেস্টাইন পুলিশের জেরিকো শহরের নিয়ন্ত্রণ গ্রহণের প্রস্তুতি

ইসরাইল পশ্চিম তীরের জেরিকো ও তুলকার্ম এর নিয়ন্ত্রণ প্যালেস্টাইন নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তরের ব্যাপারে আলোচনায় সম্মত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

প্যালেস্টাইনি নেতা মাহমুদ আব্বাস বলেন, ইসরাইলী সেনাবাহিনী প্রথম জেরিকো অঞ্চল ত্যাগ করবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

অপরদিকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী শেল মোফাজের মধ্যে বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। কখন এবং কিভাবে ইসরাইলী সেনা প্রত্যাহার করে নেয়া হবে, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে মাহমুদ আব্বাস ও শেল মোফাজের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্যালেস্টাইনের সশস্ত্র জঙ্গি গোষ্ঠি তেল আবিবের একটি নাইট ক্লাবে বোমা হামলার পর  ইসরাইল-প্যালেস্টাইন সম্পর্কে শীতল অবস্থার সৃষ্টি হয়। গত মাসে মিশরের শ্যারম আল শেখে বৈঠকের পর গাজা উপত্যকার ইরেজ চেকপয়েন্টে মাহমুদ আব্বাস ও শেল মোফাজের মধ্যে বৈঠকই হলো দু’দেশের ঊর্ধ্বতন নেতাদের প্রথম বৈঠক।

মিশরের সম্মেলন অনুযায়ী, ইসরাইল সম্মত হয়েছে যে, পশ্চিম তীরের পাঁচটি এলাকা- তুলকার্ম, জেরিকো,কালকিলয়া, রামাল্লা এবং বেথেলহামের দায়িত্বভার প্যালেস্টাইনের পুলিশের হাতে হস্তান্তর করা হবে।

২০০২ সালে আত্মঘাতি বোমা হামলার পর ইসরাইল সেনাবাহিনী এসব অঞ্চলের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। কিন্তু প্যালেস্টাইন অভিযোগ করেছে যে, এই চেকপয়েন্টগুলো তাদের সামাজিক ও অথনৈতিক অবস্থাকে বিপর্যস্ত করছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী শেল মোফাজ বলেন,“ নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকের পর আমরা দুটি শহরের দায়িত্বভার তাদের কাছে হস্তান্তর করব।”

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন,“ আমরা তুলকার্ম ও জেরিকো নিয়ে আলাপ আলোচনা করেছি।”

মাহমুদ আব্বাস বলেন, প্যালেস্টাইনের সীমান্তের কাছে সব ইসরাইলী চেকপয়েন্ট সরিয়ে নিতে হবে। তিনি বলেন,“আমরা সব শহর নিয়ে আলাপ আলোচনা না করলেও মূলত নিয়ন্ত্রণকৃত এলাকাগুলো নিয়ে আলোচনা করেছি।” মঙ্গলবার বৈঠকের শুরুতেই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন যে, ইসরাইল চুক্তি অনুসারে পশ্চিম তীর তাদের কাছে হস্তান্তর করবে এবং ইসরাইলের জেল থেকে প্যালেস্টাইন নাগরিকদের মুক্তি দেবে।  

এদিকে ইসরাইলের পার্লামেন্টে হামলাকারী সন্দেহে ইসরাইল পুলিশ এক আরব ইসরাইলী নাগরিককে গ্রেফতার করেছে। ইসরাইল পুলিশের একজন মুখপাত্র জানান, ২৪ বছর বয়সী ওই নাগরিককে উত্তরাঞ্চলের গালিলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। কিন্তু আদালতের নির্দেশ মতে তার গ্রেফতারের সংবাদ সোমবার পর্যন্ত গোপন রাখা হয়েছিলো।