লেবানন থেকে এখনই সব সিরীয় সেনা প্রত্যাহার করতে হবে : যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র এখনই লেবানন থেকে সকল সিরীয় সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। সেনা প্রত্যাহারের ব্যাপারে সিরিয়া যে প্রতিশ্র“তি দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাতে সন্তুষ্ট নয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
হোয়াইট হাউজ মুখপাত্র স্কট ম্যাকক্লিলান লেবানন থেকে এখনই সকল সিরীয় সেনা এবং গোয়েন্দা প্রত্যাহারের আহবান জানিয়েছেন।
সিরিয়া এবং লেবাননের প্রেসিডেন্ট মার্চের শেষে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের বিষয়ে ঐকমত্যে পৌঁছার ঘন্টাখানিক বাদেই হোয়াইট হাউজের মুখপাত্র এ আহবান জানান।
বাসার আল-আসাদ এবং এমিল লাহুদ কবে সেনা প্রত্যাহার সম্পূর্ণ হবে, সে বিষয়ে কিছু বলেননি।
তাঁরা শুধু বলেছেন, এ মাসের শেষে লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় সিরীয় সেনাদের ফিরিয়ে আনা হবে।
আন্তর্জাতিক চাপ এবং প্রতিবাদের মুখে সিরিয়া এবং লেবাননের প্রেসিডেন্ট সেনা প্রত্যাহারের ব্যাপারে এ যৌথ ঘোষণা দেন।
ম্যাকক্লিলান বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫৫৯ নং প্রস্তাব অনুযায়ী জরুরি ভিত্তিতে বিদেশী সৈন্যদের লেবানন ত্যাগ করতে হবে।
তিনি জানান, লেবাননের জনগণ বিদেশী শক্তির আগ্রাসন থেকে মুক্তির জন্য বিক্ষোভ-প্রতিবাদ করছে।
জার্মানি, রাশিয়া এবং সৌদি আরবও লেবানন থেকে সিরীয় সেনা প্রত্যাহারের আহবান জানিয়েছে।
