২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের ব্যাপারে চীনের নতুন আইন

মঙ্গলবার তাইওয়ানের ব্যাপারে নতুন একটি আইন প্রস্তাব করেছে চীনা সংসদ। বিতর্কিত ‘ওয়ান চায়না পলিসি’ আইন অনুযায়ী, তাইওয়ান যদি স্বাধীনতার দাবি ভালয় ভালয় ত্যাগ না করে তাহলে চীন দ্বীপ দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 01:55 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

পিপলস্ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে বিচ্ছিন্নতাবাদ-বিরোধী এ আইন উত্থাপন করা হয় এবং আশা করা হচ্ছে ১৪ মার্চ অধিবেশনের শেষ দিনে আইনটি সর্বসম্মতভাবে পাশ হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি)-এর ভাইস-চেয়ারম্যান ওয়াং ঝাওগুয়ো বলেন, “ শান্তিপূর্ণ উপায়ে পুন:একত্রীকরনে আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হলে, রাষ্ট্রীয় অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় সামরিক অভিযান ভিন্ন অন্য কোনও উপায় থাকবে না।”

কোনও প্রকার সংঘাত ছড়িয়ে পড়লে চীনের নাগরিক এবং বিদেশীদের সর্বাত্মক নিরাপত্তা এবং তাদের সহায়-সম্পদ রক্ষা করতে চীন সরকার সচেষ্ট থাকবে বলেও ওয়াং জানান। 

প্রস্তাবিত আইনের ১১ পৃষ্ঠার ভাষ্যে উল্লেখ করা হয়েছে যে, চীন তাইওয়ানের সাথে ‘সম অংশীদার’ হিসেবে সমঝোতা করতে চেয়েছিল এবং শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার কথা বলেছিল।

হংকং সিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যোশেফ চেং বলেন, প্রস্তাবিত নতুন আইনটিতে নতুনত্ব নেই। চীন তার তাইওয়ান নীতির আইনগত ভিত্তি তৈরি করতে চায় এবং নেতারা চায় এ ব্যাপারে একটি বেইস-লাইন তৈরি হোক।

তাইওয়ানের রাজধানী তাইপেতে প্রায় ১৫০০০ লোক চীনের নতুন আইনকে ‘যুদ্দের প্রস্তুতি ’ হিসেবে বর্ণনা করে এর প্রতিবাদে রোববার বিক্ষোভ সমাবেশ করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট চেন সুই-বিয়ান বলেন, প্রস্তাবিত আইনটি মূলভূমি চীন এবং দ্বীপ রাষ্ট্রটির মধ্যকার সর্ম্পককে অকার্যকর করে তুলবে।