ব্যায়াম ও ক্যালসিয়াম শক্ত হাড় গঠনে অধিক কার্যকর
শিশুদের মধ্যে যারা অধিকমাত্রায় দুধ পান করে তাদের হাড় তেমন সবল হয় না। যুক্তরাষ্ট্রের গবেষকরা সোমবার এ তথ্য প্রকাশ করেন। গবেষকরা সবল হাড় গঠনে ব্যায়ামের ওপর জোর দেন এবং সহজপাচ্য টুফুর মত ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন। খবর বিভিন্ন বার্তা সংর্স্থা।
মার্কিন সরকার দৈনিক ৮শ থেকে ১৩শ মিলিগ্রাম ক্যালসিয়ামসমৃদ্ধ খাবারের ওপর জোর দিয়েছেন যা সবল হাড় এবং হাড়সংক্রান্ত রোগ প্রতিরোধ করতে সক্ষম । কিন্তু ঐ রিপোর্টে দেখানো হয়েছে, দুধ কিংবা দুধজাতীয় খাবার দৈনিক ৪শ মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম সরবরাহ করতে পারে না।
৩৭ জনের ওপর এ গবেষণা চালানো হয়। তাদের বয়স ৭ বছরের নিচে। এদের মধ্যে ২৭ জনকে ক্যালসিয়ামের জন্য শুধু দুধ নয়-পাশাপাশি অন্য খাবার গ্রহণের জন্যও বলা হয়।
প্রধান গবেষক এমি ল্যানৌ রোট বলেন, “দুধ এবং দুধজাতীয় খাবার সবল হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে মর্মে যে তথ্য পাওয়া যায় তা গবেষনালব্ধ ফলাফলে যথার্থ বলে প্রতিপন্ন হয় না।”
পৃথক আরেকটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে, সবল হাড় গঠনে ব্যায়ামই অধিক কার্যকর। যুক্তরাষ্ট্রের মেডিসনস্থ উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ ফ্রাংক গ্রির বলেন, প্রকৃত অবস্থার উন্নতি করতে হলে শিশুদের ব্যায়ামের ওপর জোর দিতে হবে এবং প্রতিদিন ১৩শ মিলিগ্রাম ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে দিতে হবে।
