পাক-উজবেক সহযোগিতা: বেশ ক’টি চুক্তি সই করলেন মোশাররফ ও করিমভ
পাকিস্তান ও উজবেকিস্তানের শীর্ষনেতারা বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং সন্ত্রাসবাদ দমনে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম করিমভ নিজ নিজ দেশের পক্ষে এসব চুক্তিতে স্বাক্ষর করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পাকিস্তান সীমান্তে ইসলামি জঙ্গিদের দমন করতে উজবেকিস্তানের সাথে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি এখন উজবেকিস্তান সফরে আছেন। গত একযুগে পাকিস্তানের কোনও রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম উজবেকিস্তান সফর।
তাসখন্দ বৈঠকে মোশাররফ এবং করিমভ আফগানিস্তানের কাছে পাকিস্তান সীমান্তে ইসলামি জঙ্গিদের নিরস্ত্র করতে সম্মত হয়েছেন।
প্রেসিডেন্ট মোশাররফ বলেন, “পাকিস্তান সীমান্তে কিছু উজবেক সন্ত্রাসী অবস্থান করছে। কিন্তু আমি এটা নিশ্চিত করছি যে, পাকিস্তানের মাটিতে বসে উজবেকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসীদের কর্মকান্ড চালাতে দেওয়া হবে না।”
উজবেক প্রেসিডেন্ট করিমভ বলেন, সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে মোশাররফ বীরোচিত কাজ করছেন।
দু’নেতা সন্ত্রাস দমন এবং ব্যবসা-বাণিজ্য ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আরও বেশ কিছু বিষয়ে চুক্তি সম্পাদন করেন।
সফর কালে মোশাররফ প্রাচীন ও ঐতিহ্যমন্ডিত শহর সমরখন্দ ঘুরে দেখবেন।
