তাইওয়ানকে নিয়ে কোনও সামরিক জোট মেনে নেবে না চীন
জাপান ও তাইওয়ানকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্র যে নিরাপত্তা জোট গঠন করতে যাচ্ছে তা’তে ঘোর আপত্তি চীনের, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ঝাওশিং
ন্যাশনাল পিপলস্ কংগ্রেসে তিনি সাংবাদিকদের বলেন, এ তিনটি দেশের মধ্যে যে কোনও প্রকার সামরিক সহযোগিতা চুক্তি চীনের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
১৯৮৯ সালে তিয়েনানমেন স্কয়ারে গণতান্ত্রিক আন্দোলন সামরিক কায়দায় দমন করার কারণে চীনের ওপর ১৫ বছরের সামরিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউরোপীয় ইউনিয়ন।
ঝাওশিং বলেন, ইউরোপীয় ইউনিয়নের সামরিক নিষেধাজ্ঞার অবসান হওয়া দরকার, যদিও ঐসব দেশের কোনও সমরাস্ত্র ক্রয় করার প্রয়োজন নেই চীনের।
তিনি বলেন, প্রাথমিকভাবে এ বিধিনিষেধ তুলে না নিলে বেজিং এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আর সহজ হবে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং তাইওয়ানের মধ্যে সর্ম্পক ‘দ্বিপক্ষীয় সর্ম্পক’ হিসেবেই থাকা উচিত।
ঝাওশিং বলেন, যুক্তরাষ্ট্র-জাপান মৈত্রী প্রয়াসে যেকোনও ভাবে তাইওয়ানকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চীনের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বিসেবেই গণ্য হবে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত অধিকাংশ দেশ চীন থেকে সামরিক নিয়েধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে। কিস্তু যুক্তরাষ্ট্র তাতে সায় দিচ্ছে না। ওয়াশিংটন চায় নিষেধাজ্ঞা অব্যাহত থাক।
যুক্তরাষ্ট্রের আশঙ্কা ইউরোপীয় সমরাস্ত্র আগামীতে তাইওয়ান কিংবা ঐ অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
