২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র সমঝোতার মাধ্যমে ইরাক সমস্যার সমাধান চায় না: গিউলিয়ানা

ইতালির সাংবাদিক গিউলিয়ানা সেগ্রেনা বলেছেন যে, বাগদাদে মার্কিন বাহিনী ‘ভুলবশত’ তাঁর গাড়িতে গুলি ছুঁড়েছে এ কথা কিছুতেই গ্রহণযোগ্য নয়। বরং মার্কিন বাহিনী তাকে টার্গেট করেছিল, কারন তারা সমঝোতার মাধ্যমে ইরাক সমস্যার সমাধান চায় না।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 11:35 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

শুক্রবার অপহরণের পর মুক্তি পেয়ে ইতালি ফেরার পথে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন সৈন্যরা তার গাড়িতে গুলি চালায়, তা’তে একজন ইতালীয় গোয়েন্দা নিহত হয় এবং সেগ্রেনা নিজে আহত হন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তিনি বার্তা সংস্থাসমূহকে বলেন, বাগদাদ বিমানবন্দরে তাঁর আগমনের ঘটনা মার্কিন বাহিনীকে জানানো না হলেও তারা যা করেছে তা ক্ষমার যোগ্য নয়।

এর আগে তিনি বলেছিলেন, মার্কিন বাহিনী তাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িতে গুলি করে থাকতে পারে।

মার্কিন সামরিক দফতর ঘটনাটির তদন্ত করছে। তারা বলছে, চলন্ত গাড়িটিকে থামাতে ব্যর্থ হওয়ার পর সৈন্যরা গাড়িতে গুলি চালায়।

গিউলিয়ানা বলেন, “আমি খুবই দুঃখিত। নিকোলা ক্যালিপারির মৃত্যুতে আমি খুবই মর্মাহত।”

ইতালীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট নিকোলা ক্যালিপারি গিউলিয়ানাকে মুক্ত করতে মধ্যস্থতাকারীর ভুমিকা পালন করেছেন।

সেগ্রেনা আরও বলেন, “মার্কিন বাহিনী সেখানে কি কারণে আমাদের গাড়িতে গুলিবর্ষণ করেছে আমি তা বলতে পারবো না। তবে আমরা তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবো কি জন্য এ ঘটনা ঘটল।”

তিনি বলেন, “এটাকে শ্রেফ দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চাইলেও আমি তা সমর্থন করতে পারি না। এমনটা কখনোই হতে পারে না।”

তিনি আরও বলেন, ইতালি সরকার বাগদাদ বিমানবন্দরে তার আগমনের সংবাদ জানত এবং তারা মার্কিন বাহিনীকে তা অবহিত করেছিল। ইতালির স্কাই টেলিভিশনকে দেয়া এক সাক্ষাত সেগ্রেনা, মার্কিন বাহিনী তাকে মারার জন্য টার্গেট করেছিল কারণ তারা বিদ্রোহীদের সাথে সমঝোতা করার পক্ষে নয়।

তিনি বলেন, “সকলেই জানে যে, যুক্তরাষ্ট্র সমঝোতার মাধ্যমে জিম্মিদের মুক্তির বিষয়টি পছন্দ করে না। অমি বুঝতে পারছি না কী কারণে মার্কিন বাহিনী আমাকে টার্গেট করল। ”

এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী ইরাক ভ্রমন না করার জন্য তাঁর দেশের জনগণকে সতর্ক করে দিয়েছেন। সেগ্রেনা গত ৪ ফেব্র“য়ারি বাগদাদ থেকে অপহৃত হন।

অধিকাংশ ইতালীয় নাগরিক মার্কিন বাহিনীর ইরাক আক্রমণের বিরোধিতা করেছিল এবং সেখানে সেনা পাঠানোর সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। কিন্তু ইতালি সরকার ইরাকে মার্কিন বাহিনীর নেতৃত্বে ৩ হাজার সেনা পাঠায়।