বিশ্ব নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চেয়ে চীন বেশি পছন্দের
বিশ্ব নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার তুলনায় চীনকে অধিকতর ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছে বিশ্ববাসী। সাম্প্রতিককালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এক জনমত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
পৃথিবীর মোট ২২টি দেশের ৪৮ শতাংশ ভোটার এতে অংশগ্রহণ করে চীনের ভূমিকায় ইতিবাচক দিকটির ব্যাপারে মত দেয় আর শতকরা ৩০ ভাগের মত নেতিবাচক।
মতামত দানকারীদের বেশির ভাগই কমুনিস্ট দেশটিতে অভাবনীয় অর্থনেতিক অগ্রগতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে, তবে সংখ্যায় নগণ্য ভোটাররা দেশটিতে সামরিক শক্তি বৃদ্ধির ব্যাপারেও মত দিয়েছে।
চীনের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোও, যারা চীনকে সন্দেহভাজন শক্তি হিসেবে অনেক আগে থেকেই পর্যবেক্ষণ করে আসছে, তারাও চীনের ব্যাপারে সৌহার্দ্যমূলক মন্তব্য করেছে।
মোট ২২ হাজার ৯ শ ৫৩ জন ভোটার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ওপর জনমতে অংশ গ্রহণ করে। জরিপে দেখা গেছে বিশ্বে নেতৃত্বদানে মার্কিন যুক্তরাষ্ট্র গড়পড়তা ৩৮ ভাগ এবং রাশিয়া পেয়েছে ৩৬ ভাগ। চীন ৪৮ শতাংশ পেয়ে যুক্তরাজ্যের প্রায় কাছাকাছি (৫০%) চলে আসে। এক্ষেত্রে চীনের অর্থনৈতিক উন্নয়নের জোয়ারকে বেশির ভাগ ভোটারই ইতিবাচক হিসেবে দেখেছে।
