লেবানন থেকে সিরীয় সৈন্য প্রত্যাহারের দাবিতে যুক্তরাষ্ট্র
প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ মে মাসের মধ্যে লেবানন থেকে সিরিয়ার সব সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
প্রেসিডেন্ট বুশ বলেন, ‘আমরা যখন প্রত্যাহারের কথা বলি, তখন সম্পূর্ণ প্রত্যাহারকেই বুঝাই। সেখানে আন্তরিকতার কোন ঘাটতি থাকে না”।
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ শনিবার সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, লেবানন থেকে কিছু সংখ্যক সৈন্য প্রত্যাহার করা হবে, পুরোপুরিভাবে নয়।
সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি-র মৃত্যুর পর লেবানন থেকে সিরিয়ার সৈন্য প্রত্যাহারের ব্যাপারে জোর দেয়া হয়েছে।
লেবাননের বিরোধী দলগুলো ১৪ ফেব্র“য়ারি বোমা হামলার জন্য সিরিয়াকে দোষারোপ করেছে। যদিও দামেস্ক এ অভিযোগের বিষয়ে দৃঢ়ভাবে অস্বীকৃতি জানিয়েছে।
নিউইয়র্কে একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বুশ বলেন, আসন্ন মে মাসে লেবাননে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে অবশ্যই সৈন্য প্রত্যাহার করতে হবে।
তিনি বলেন, ‘এখন আমার মুল চিন্তা হচ্ছে লেবানন থেকে সিরিয়াকে সরানো।’
তিনি শুধু সৈন্য প্রত্যাহারের কথাই চিন্তা করছেন না। বিশেষ করে লেবানন থেকে সিরিয়ার গোয়েন্দা বিভাগের সকলকে বের করার বিষয়েও চিন্তা-ভাবনা করছেন।
সিরিয়া সম্পূর্ণভাবে সৈন্য প্রত্যাহারে সাড়া না দিলে সামরিক অভিযান চালানো হবে কি না, এ বিষয়ে প্রেসিডেন্ট বুশকে প্রশ্ন করা হলে, তিনি বলেন , এ ব্যাপারে আমার শেষ পদক্ষেপ হচ্ছে সামরিক অভিযান।
