চীন সৈন্য সংখ্যা হ্রাস করে প্রতিরক্ষা ব্যয় বাড়াবে
চলতি বছর চীন ১৩% হারে প্রতিরক্ষা ব্যয় বাড়াবে। ২০০২ সালের পর এটিই হবে সর্বোচ্চ বাজেট বৃদ্ধি। তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা থেকে বিরত রাখতে একই সঙ্গে চীন নতুন আইন প্রণয়নেরও প্রস্তুতি নিচ্ছে। খবর সংবাদ সংস্থার।
চীন পার্লামেন্টের বার্ষিক অধিবেশন শুরুর প্রাক্কালে ন্যাশনাল পিপল’স কংগ্রেসের মুখপাত্র জিয়াং এনঝু বেইজিং-এ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, মোট প্রতিরক্ষা ব্যয় হবে ৩০ বিলিয়ন ডলার। তিনি আরো বলেন, হ্রাসকৃত সৈন্যের পরিমাণ হবে দুই লাখ ।
দক্ষিণ-পূর্বের দ্বীপ তাইওয়ানকে লক্ষ্য রেখে চীন বিচ্ছিন্নতাবাদ বিরোধী বিল উপস্থাপন করবে। তাইওয়ান ১৯৪৯ সালের গৃহযুদ্ধের পর থেকে আলাদাভাবে শাসিত হচ্ছে। অন্যদিকে তাইওয়ানের কর্মকর্তারা জানান, দ্বীপটি যদি আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার দিকে যায় তবে আইনটি দ্বীপ আক্রমণের আইনগত ভিত্তি দেবে বলে বলছেন।
সংবাদ সম্মেলনে জিয়াং বলেন,“এই আইনটি কোনক্রমেই সৈন্য মোতায়েনের আইন নয়। বরং এর উদ্দেশ্য হচ্ছে আন্তঃপ্রণালী সম্পর্ক শান্তিপূর্ণভাবে বিকশিত করা এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা।”
তিনি আরো বলেন বর্ধিত সামরিক ব্যয়ের উদ্দেশ্য হচ্ছে সামরিক সরঞ্জাম আধুনিক করা , সৈন্যদেরকে যুদ্ধর জন্য অধিকতর প্রস্তুত করা এবং তাদের বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি। গত ডিসেম্বরে চীন বলেছিল এর সৈন্য সংখ্যা ২৩ লক্ষ।
জিয়াং বলেন,“অন্যান্য প্রধান শক্তির তুলনায় চীনের সামরিক বাজেট বেশি না। যার পরিমাণ মাত্র ৩০ বিলিয়ন ডলার।”
কিন্তু বিদেশী পর্যবেক্ষকরা বলছেন চীনের প্রতিরক্ষা ব্যয় কম করে দেখানো হয়। তাইপের চাইনিজ কাউন্সিল অব এ্যাডভান্সড পলিসি স্টাডিজের মহাসচিব এ্যান্ড্রু ইয়াং বলেন, প্রকৃত সংখ্যা এর চার গুণ হতে পারে।
গত বছর চীনের প্রকাশিত সামরিক ব্যয় ১১.৬% বৃদ্ধি পায়। ২০০৩ এবং ২০০২ সালে এই বৃদ্ধির পরিমাণ ছিল যথাক্রমে ৯.৬% এবং ১৭.৬%। কংগ্রেসে যে প্রতিরক্ষা বাজেট উপস্থাপিত হবে জিয়াং সে বিষয়ে আর কোনও তথ্য দেননি।
ইয়াং বলেন, চীনের প্রতিরক্ষা বাজেটের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা ব্যয়, শিক্ষা, প্রশিক্ষণ বা প্রচারণা ব্যয় অন্তভূক্ত নয়। এগুলো অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে। চীন তার প্রতিরক্ষা ব্যয় ক্রমশঃ বাড়াচ্ছে। তার হিসাবমতে গত দশকে চীনের প্রকৃত প্রতিরক্ষা ব্যয় প্রতি বছর ১৫% থেকে ২০% হারে বাড়ছে।
তিনি বলেন, অন্যান্য কর্মসূচি অন্তর্ভুক্ত করা হলে চীনের প্রতিরক্ষা ব্যয় জিডিপি’র ২% থেকে বেড়ে ৭.৫% দাঁড়াবে। যেখানে যুক্তরাষ্ট্র তার জিডিপি’র ৩.৫% প্রতিরক্ষা খাতে ব্যয় করে।
