সৌদি সরকার লেবানন থেকে দ্রুত সেনা সরিয়ে নিতে বলেছে সিরিয়াকে
সৌদি যুবরাজ আবদুল্লাহ লেবানন থেকে দ্রুত সিরীয় সেনাদের সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এর ফলে সিরিয়ার ওপর যে আর্ন্তজাতিক চাপ রয়েছে তা হ্রাস পাবে এবং লেবাননে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতির অবসান হবে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার রিয়াদ আসলে যুবরাজ তার সাথে সাক্ষাৎ করেন এবং লেবানন থেকে সিরীয় সেনা প্রত্যাহারের একটি সময়সীমা ঘোষণার আহ্বান জানান।
অন্যথায় সিরিয়ার ওপর যে আন্তর্জাতিক চাপ আসবে তা সামলাতে কোনও প্রকার সহায়তা করা সৌদি সরকারের পক্ষে সম্ভব নয় বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত লেবাননে গৃহযুদ্ধ চলা কালে সিরিয়ার সেনাবাহিনী সেখানে আগ্রাসন চালায় এবং পরিস্থিতি নিজ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কিন্ত বহুপূর্বেই তাদের মেয়াদ শেষ হলেও সিরিয়া লেবানন থেকে সেনা প্রত্যাহার করেনি।
১৯৭৬ সালে সিরিয়ার সামরিক বাহিনীর প্রায় ৩০,০০০ সদস্য লেবাননে অনুপ্রবেশ করে। ১৯৯০ সালে লেবাননে গৃহযুদ্ধের অবসান এবং শান্তি রক্ষার জন্য সিরিয়ার সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। ২০০০ সালে ইসরাইলি বাহিনী সরে যাওয়ার পর দামেস্কের ওপর সেনা প্রত্যাহার করার চাপ ক্রমাগত বাড়তে থাকে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫৫৯ ঘোষণা অনুযায়ী প্রতিবেশী দেশটি থেকে সেনাদের ফিরিয়ে নেওয়ার জন্য ২০০৪ সালের সেপ্টেম্বরে সিরিয়ার প্রতি এক নির্দেশ জারি করা হয়।
১৯৮৯ সালে সৌদি নগরী তাইফ-এ এক চুক্তি অনুযায়ী লেবাননে গৃহযুদ্ধ অবসানের পর দু’বছরের মধ্যে সিরিয়ার সেনা প্রত্যাহারের কথা উল্লেখ ছিল।
লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে। মিশরও সিরিয়ার সেনা সরিয়ে নেয়ার কথা বলেছে। জার্মানি এবং øায়ুযুদ্ধের সময় সিরিয়ার প্রধান মিত্র রাশিয়াও সেনাদের সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, সিরিয়া লেবানন থেকে সেনা সরিয়ে নেবে। কিন্তু তার আগে এ কথা নিশ্চিত করতে হবে যে, জাতিগত সংঘাতপূর্ণ এ অঞ্চলে সেনাদের প্রত্যাহারের পর কোনও প্রকার উত্তেজনা সৃষ্টি হবে না এবং এখন যে ভারসাম্য বিরাজ করছে তা ভেঙ্গে যাবে না।
