২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকায় আগামী ২০ বছরের মধ্যে ৯ কোটি লোক এইচআইভিতে আক্রান্ত হবে

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী ২০ বছরের মধ্যে আফ্রিকা মহাদেশে প্রায় ৯ কোটি লোক মরনব্যাধী এইডস রোগের ভাইরাস এইচআইভি দ্বারা আক্রান্ত হবে বলে আশংকা করছে জাতিসংঘ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 12:57 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বর্তমানে আফ্রিকা মহাদেশে  প্রায় আড়াই কোটি মানুষ এইচআইভি দ্বারা আক্রান্ত।

আগামী ২০ বছরের মধ্যে বিশ্ববাসী আফ্রিকায় প্রায় ৮ কোটি ৯০ লক্ষ এইডস আক্রান্ত রোগী দেখতে পাবে, যা মহাদেশটির মোট জনসংখ্যার শতকরা ১০ ভাগ।

এদিকে জাতিসংঘ এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীর সঠিক সংখ্যা নিরূপণের জন্য নিভিন্ন দাতাগোষ্ঠীর কাছে প্রায় ২০০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের সুপারিশ করেছে।

জাতিসংঘ জানায়, এইডসের বিরুদ্ধে আগেভাগেই ব্যবস্থা গ্রহণ করা হলে ১ কোটি ৬০ লক্ষ মানুষকে মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনা সম্ভব আর ৪ কোটি ৩০ লক্ষ লোক আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচতে পারবে। 

জাতিসংঘের বিবরণীতে আরো উল্লেখ করা হয়, এভাবে এইচঅআইভি রোগীর সংখ্যা বাড়তে থাকলে ২০২৫ সাল নাগাদ তা ভয়াবহ আকার ধারণ করবে এবং তখন আর এর প্রতিকারের কোন উপায় খুঁজে পাওয়া যাবেনা ।

আফ্রিকার সর্বত্র সুস্থ্য রাজনৈতিক পরিবেশ তৈরি এবং এইডসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে মহামারীর আকার থেকে একে রক্ষা করা যাবে।

‘এইইচআইভি ইন আফ্রিকা’ নামে জাতিসংঘের এই রিপোর্টটি দুই বছরে ১৫০ জন বিশেষজ্ঞের অক্লান্ত পরিশ্রমে তৈরী করা হয়।

বিবিসি’র জাতিসংঘ সংবাদদাতা জানান, আফ্রিকার দেশগুলোতে বিভিন্ন সরকারী নীতির নাটকীয় উত্থান পতনের কারণেও মহদেশটিতে এইচআইভি রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে।

কীভাবে মরণব্যাধী ভাইরাস গত ২০ বছর ধরে ধীরে ধীরে মহাদেশটিকে আক্রমন করেছে, রিপোর্টটিতে তা তিনটি ভিন্ন ভিন্ন মডেলের মাধ্যমে উপস্থাপন করা হয় ।  এতে এ রোগের প্রতিকার এবং এর পেছনে কি পরিমান অর্থ ব্যয় করতে হবে তার বিস্তারিত বর্ণনা দেয়া আছে।

মরণব্যাধী এইডস আফ্রিকা মহদেশে ইতোপূর্বেই লক্ষ লক্ষ মানুষকে আক্রান্ত করেছে।  

রিপোর্টটিতে দুটি ইতিবাচক দিকও তুলে ধরা হয়। যেমন, দৃশ্যপটের দিকে ভাল ভাবে তাকালে দেখা যায়, আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থাগুলোর আনাগোনা আগের তুলনায় দ্বিগুন; স্বাস্থ্য খাতে ব্যয়ের পরিমান বেড়ে গেছে এবং শিক্ষা ও স্বাস্থ্য পরিচর্যায় নাটকীয় পরিবর্তন এসেছে সাম্প্রতিক সময়গুলোতে।

সংবাদদাতা আরো জানায়, জাতিসংঘ আশা করছে, যেসব প্রস্তাবনা জাতিসংঘ এনেছে, তা যদি বাস্তবে রূপ লাভ করতে পারে, তাহলে আফ্রিকা মহাদেশ এইডসের ভয়াল গ্রাস থেকে নিজেকে বাঁচাতে পারবে।

রিপোর্টে জাতিসংঘ সাবধান করে বলে দিয়েছে, বর্তমান হারে এইডস রোগী বাড়তে থাকলে ধীরে ধীরে তা পুরো মহাদেশটিতে ছড়িয়ে পড়বে।