লেবাননের বিরোধী দলগুলো সত্বর সিরীয় সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছে
লেবাননের বিরোধী দলের নেতৃবৃন্দ লেবানন থেকে সিরিয়ার সৈন্য প্রত্যাহার এবং লেবাননের নিরাপত্তা বাহিনী প্রধানদের সত্বর পদত্যাগ দাবি করেছে।
বিরোধী নেতৃবৃন্দ বলেন, লেবাননে নতুন সরকার গঠনের আগে সিরিয়া সমর্থিত প্রেসিডেন্ট এমিল লাহুদকে এসব ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বিশিষ্ট দ্রুজ নেতা ওয়ালিদ জুমব্লাত বলেন, বিরোধী দলসমুহের দাবি-দাওয়া নিয়ে আলোচনার পর অভিন্ন কৌশল নির্ধারন করা হবে।
সিরিয়াবিরোধী তীব্র বিক্ষোভ এবং প্রতিবাদের ফলে সোমবার লেবানন সরকার পদত্যাগ করে।
সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির মৃত্যুর পর ওমর কারেমী সরকারের পদত্যাগের দাবিতে দুই সপ্তাহ যাবৎ লেবাননে প্রতিবাদ-বিক্ষোভ চলছিল।
বিরোধী দলের নেতারা রাজধানী বৈরুতে জুমব্লাতের বাড়িতে এক ঘরোয়া পরিবেশে লেবাননের বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে আলাপ-আলোচনা করেন।
তারা এক বিবৃতিতে জানান, সিরিয়ার সৈন্য প্রত্যাহার এবং সিরীয় গোয়েন্দা বিভাগের কার্যক্রম থেকে লেবাননকে সম্পূর্ণরূপে মুক্ত করাই হবে সংকট নিরসনের কার্যকর উপায়।
বিরোধী নেতৃবৃন্দ আরও বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে সৈন্য প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে।
জুমব্লাত জানান, প্রেসিডেন্ট লাহুদ যদি বিরোধী দলের দাবি মেনে নেন, তবেই তারা নতুন সরকার গঠনের আলোচনায় অংশ নিবেন।
বেশ কিছু পার্লমেন্ট সদস্য চাচ্ছেন লাহুদ যেন নিজে থেকেই ক্ষমতা ছেড়ে দেন। কারণ, তারা বলেন, প্রেসিডেন্ট লাহুদ খুব বেশী সিরিয়া ঘেঁষা।
লেবাননের বিশাল এক অংশ এখনও সিরিয়ার সৈন্যদের নিয়ন্ত্রনে।
