সিরিয়ার ওপর রাইসের চাপ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে সিরিয়ার অযাচিত হস্তক্ষেপ এ অঞ্চলের পরিবর্তনকে ব্যাহত করছে। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, কয়েক মাসের মধ্যেই লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করা হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
কন্ডোলিজা রাইস সিরিয়াকে সতর্ক করে দিয়ে বলেন, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় বিঘœ ঘটালে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। লেবানন, ইরাক ও প্যালেস্টাইনের ভাগ্য উন্নয়নে সিরিয়া ব্যাঘাত ঘটাচ্ছে।
অপরদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, আগামী কয়েকমাসের মধ্যেই লেবানন থেকে সিরিয়ার সৈন্য প্রত্যাহার করে নেয়া হবে।
রাইস বলেন,“আমরা স্পষ্টতই দেখছি মধ্যপ্রাচ্যে সিরিয়া বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।”
ব্যাপক গণবিক্ষোভের মুখে সিরিয়া সমর্থিত সরকারের পদত্যাগের পর রাইস লেবাননে অবাধ নির্বাচনের আহবান জানান।
তিনি বলেন,“লেবাননের রাস্তায় বিক্ষোভ দেখেই আমরা বুঝতে পারছি যে, সিরিয়া লেবাননে হস্তক্ষেপ করছে। লেবাননকেই তার ভবিষ্যত নির্ধারণের সুযোগ দেয়া উচিত।”
তিনি আরও বলেন, লেবানন থেকে সিরিয়ার সৈন্য এবং নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের জন্য সিরিয়ার ওপর আমেরিকার চাপ অব্যাহত থাকবে।
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই লেবানন থেকে সিরিয়ার সেনা প্রত্যাহার করা হবে। তিনি বলেন,“সেনা প্রত্যাহার খুব শিগগিরই করা হবে এবং এটা সম্ভবত আগামী কয়েকমাসের মধ্যেই হবে।”
বাশার আল আসাদ আরো বলেন,“লেবাননের নিরাপত্তা ব্যাবস্থা আগের চেয়ে অনেক ভাল। পৃথক রাষ্ট্র হিসেবে তাদের নিজস্ব সেনাবাহিনী এবং সংবিধান রয়েছে।”
তিনি আরও বলেন,“দ্বিতীয় বিষয় হচ্ছে, লেবানন থেকে সিরিয়ার সৈন্য প্রত্যাহার করে নেয়া হলেও আমাদের নিরাপত্তার স্বার্থে সিরিয়া সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখবো। কারণ ১৯৮২ সালে সিরিয়া সীমান্তে ইসরাইলের সশস্ত্র বাহিনী আক্রমণের জন্য প্রবেশ করেছিল। এ এলাকা সিরিয়ার রাজধানী দামেস্কের খুব কাছে।”
রাইস লন্ডনে প্যালেস্টাইন রাষ্ট্র পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য সহযোগিতার আহবান জানিয়ে বলেন, লেবাননকে অবশ্যই স্বাধীন ও অবাধ নির্বাচনের ব্যাবস্থা গ্রহণ করতে হবে। কন্ডোলিজা রাইস আরও বলেন, সিরিয়া নিয়ে যথেষ্ট উদ্বেগ থাকা সত্ত্বেও বিশ্ব শান্তির জন্য আমাদেরকে লেবানন, ইরাক, প্যালেস্টাইন নিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন,“সীমান্ত এলাকা থেকে সিরিয়া ইরাকের বিদ্রোহীদের সাহায্য করছে, একথা আমাদের কাছে এখন স্পষ্ট। কিন্তু ইরাকিরা সুন্দর ভবিষ্যত গড়ার লক্ষ্যে ইরাকের নির্বাচনে স্বত:স্ফ’’র্তভাবে ভোট দিয়েছে। প্যালেস্টাইন সীমান্তেও সিরিয়া জঙ্গিদের সাহায্য করছে।”
এদিকে লেবাননের বিরোধী দল বুধবার প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করে নয়া প্রধানমন্ত্রী মনোনয়নের ব্যাপারে কথা বলবেন বলে আশা করা যাচ্ছে।
