মিশরে আশ্রয় শিবিরে পুলিশি হামলায় ১০ সুদানি নিহত
মিশরের রাজধানী কায়রোতে একটি আশ্রয় শিবিরে শুক্রবার দেশটির পুলিশ হামলা চালালে শিশুসহ ১০ সুদানি নিহত হয়। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো এ খবর জানায়।
কায়রোর জাতিসংঘ কার্যালয়ের কাছে গত সেপ্টেম্বরে স্থাপিত আশ্রয় শিবির পরিত্যাগ করতে অস্বীকৃতি জানানোর পর প্রতিবাদরত সুদানিদের ছত্রভঙ্গ করতে মিশরের দাঙ্গা পুলিশ জল কামান নিক্ষেপ করে।
পুলিশ শত শত লোককে জোরপূর্বক বাসে তুলতে গেলে পদদলিত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানা গেছে।
হাজার হাজার পুলিশ স্থানীয় সময় শুক্রবার সকাল পাঁচ টায় লাঠি ও ঢাল নিয়ে ওই আশ্রয় শিবিরে হামলা চালায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পদদলিত হয়ে আরও কমপক্ষে ৩০জন প্রতিবাদকারী আহত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এতে ২৩জন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছে।
