২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ানতানামো বে’র বন্দি শিবিরে অনশনকারীদের সংখ্যা বেড়েই চলেছে

কিউবার গুয়ানতানামো বে’র মার্কিন বন্দি শিবিরে অনশনকারীদের সংখ্যা গত সপ্তাহের তুলনায় দ্বিগুনেরও বেশি হয়েছে। মার্কিন সামরিক কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2005, 12:24 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

বন্দি শিবিরে আটককৃতদের মধ্যে এখন ৮৪জন খাবার গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছেন। তাদের মধ্যে ৪৬জন ২৫ ডিসেম্বর থেকে আগের অনশনকারীদের সাথে যোগ দিয়েছেন।

টানা নয় বেলার খাবারের সময় অনুপস্থিত থাকলে মার্কিন সামরিক কর্তৃপক্ষ তাকে অনশন হিসেবে ধরে নেয়।

গুয়ানতানামো বে’তে এখন ৫০০ লোক বন্দি রয়েছে। তাদের অনেককেই আফগানিস্তান থেকে আটক করা হয়েছে।

গুয়ানতানামো বে’র মার্কিন সামরিক মুখপাত্র লে. কর্নেল জেরেমি মার্টিন বলেন, ২০০৫ সালের ৮ আগষ্ট থেকে অনশনরত বন্দিদের সংখ্যা নিয়মিতভাবে উঠানামা করছে।

তিনি বলেন, ১১ সেপ্টেম্বরের হামলার বর্ষপূর্তিতে অনশনকারীদের সংখ্যা বেড়ে গিয়ে ১৩১জনে দাঁড়িয়েছিল।

তিনি আরও বলেন, ২৫ ডিসেম্বরের পূর্ব পর্যন্ত কয়েক মাসে অনশনের পরিমাণ কমে গিয়েছিল। কিন্তু, সম্প্রতি আবার তা বৃদ্ধি পেয়েছে।

তবে অনশনকারীদের স্বাস্থ্য অবস্থা কেমন সে বিষয়ে মার্কিন সামরিক কর্তৃপক্ষ কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, নাকের নাসা-বিন্দু দিয়ে প্রয়োজনীয় পুষ্টিকর তরল খাবার অনশনকারীদের দেয়া হচ্ছে।

কয়েকজন বন্দির আইনজীবি বলেছেন, কোন বিচার ছাড়াই আটক রাখা ও যে অবস্থায় তাদেরকে আটকে রাখা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বন্দিরা অনশন করছেন।