বিবিসি’র জরিপে ২০০৫ সালের শীর্ষ ঘটনা ইরাক যুদ্ধ ও সুনামি
ইরাক যুদ্ধ ও এশিয়ার সুনামি ২০০৫ সালের বিশ্বের সেরা দু’টি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে। আন্তর্জাতিকভাবে পরিচালিত ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) এক জরিপে এটি দেখা গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের হারিকেন ক্যাটরিনা ও রিটা এবং পোপের মৃত্যু সেরা তাৎপর্যপূর্ণ ঘটনার তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে।
২৭টি দেশের ৩২,৪৩৯ জনের উপর জরিপ চালিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি তালিকাটি তৈরি করেছে।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের পক্ষে কানাডার গ্লোব স্ক্যান ২০০৫ সালের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর সময়ে জরিপটি পরিচালনা করে।
জরিপে অংশগ্রহণকারীদের ১৫ শতাংশ ইরাক যুদ্ধ ও ২০০৪ সালের ২৬ ডিসেম্বরের সুনামিকে বছরের সেরা দু’টি ঘটনা হিসেবে চিহ্নিত করেছেন।
তৃতীয় স্থানে থাকা মার্কিন হারিকেন জরিপে অংশগ্রহণকারী নয় শতাংশের সমর্থন পেয়েছে।
পোপ জন পল দ্বিতীয়ের মৃত্যু ও পোপ বেনিডিক্টের অভিষেক ছয় শতাংশ সমর্থন পেয়ে চতুর্থ স্থানে রয়েছে।
আর জরিপে অংশগ্রহনকারীদের চার শতাংশের মতে, লন্ডনের বোমা হামলা হচ্ছে বছরের সেরা ঘটনা। লন্ডনের বোমা হামলা বিবিসি’র জরিপে পঞ্চম স্থান লাভ করেছে।
