হামলার হুমকিতে ইরাকে তেলের সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
তেলের ট্যাঙ্কার চালককে হত্যার হুমকির প্রেক্ষিতে ইরাকের বৃহত্তম তেল শোধনাগার বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলীয় ইরাকে বিদ্যুত সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইরাকের ক্ষমতাসীন সরকারের নির্দেশ অনুসারে পেট্রোলের দাম চলতি মাসের শুরুতে বৃদ্ধি পাওয়ার পর তেলের ট্যাঙ্কার চালককে হত্যার হুমকি দেয়া হল।
ইরাকের তেল মন্ত্রণালয় জানিয়েছে, বাইজি তেল পরিশোধনাগার বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রতিদিন ২০মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হবে।
মন্ত্রণালয় আশা প্রকাশ করে বলেছে, সপ্তাহান্ত থেকে বন্ধ থাকা পরিশোধনাগারটি কয়েক দিনের মধ্যেই সচল করা হবে।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ট্যাঙ্ক চালককে কর্মস্থলে ফিরে আসতে রাজি করাতে প্রচেষ্টা চলছে।
বাইজি পরিশোধনাগার সাধারণভাবে প্রতিদিন সাড়ে আট মিলিয়ন লিটার পেট্রোল এবং সাড়ে সাত মিলিয়ন লিটার ডিজেল উৎপাদন করে।
এদিকে ঝড়ের কারণে তেল বিতরণ বাধাগ্রস্ত হয়েছে এবং দক্ষিণাঞ্চলীয় বসরা টার্মিনাল থেকে তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে।
ইরাকে সাদ্দাম হোসেন সরকারের পতনের পর দেশটির অবকাঠামোগত উন্নয়নের জন্য যদিও বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়েছে, তবুও জ্বালানি ও বিদ্যুত উৎপাদন মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনীর ইরাক আগ্রাসনের আগে যে পর্যায়ে ছিল, এখনও সে পর্যায়ে পৌঁছাতে পারেনি।
